২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে নৌ ধর্মঘট চলছে

বেতনভাতা বৃদ্ধি, নদীপথে নিরাপত্তা, নদী খনন, মেরিন পুলিশ ও জলথানা সৃষ্টিসহ ২১ দফা দাবিতে নারায়ণগঞ্জে নৌ-ধর্মঘট শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 09:14 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত ১২টা থেকে নারায়ণগঞ্জ থেকে শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা নদীতে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

তবে দূরপাল্লার লঞ্চ চলাচল না করলেও পুলিশ প্রহরায় স্বল্প দূরত্বের লঞ্চ চলাচল করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আহসানউল্লাহ বলেন, ধর্মঘটের কারণে দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সকালে ধর্মঘটের পক্ষের শ্রমিকরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটে লঞ্চ চলাচল বন্ধের চেষ্টা করলে পুলিশ গিয়ে স্বল্প পাল্লার লঞ্চ চলাচল চালু রাখে।

নৌপথে নৌ পুলিশ টহল দিচ্ছে। লঞ্চ ঘাটেও পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এসআই আহসান উল্লাহ।

সরেজমিন গিয়ে দেখা যায়, শহরের ৫নং ঘাটসহ আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীতে অনেকগুলো বালুবাহী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান নোঙ্গর করা আছে। এ ঘাটে নৌ শ্রমিকরা সকালে সংক্ষিপ্ত সভা করেছেন।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ২১ দফা দাবিতে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।