২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লাগাতার ধর্মঘটে নৌ শ্রমিকরা, যাত্রীদের ভোগান্তি

মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌ শ্রমিকদের একটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 04:26 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

মজুরি কাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে নৌ শ্রমিকদের একটি সংগঠন।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে মঙ্গলবার রাত ১২টা থেকে ধর্মঘট শুরু হয় বলে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান।

ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন গন্তব্যের লঞ্চযাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। এরমধ্যে রয়েছেন বিশ্ব ইজতেমাগামী মুসল্লিরাও।

চৌধুরী আশিকুল আলম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ সীমায় চলাচলকারী সব ধরনের যাত্রীবাহী, পণ্যবাহী ও তৈলবাহী নৌযান, বালুবাহী বাল্কহেড, ফ্ল্যাট বার্জ, টুইন লঞ্চ, টাগ বোট এবং সমুদ্রে মৎস্য আহরণকারী সব জাহাজ শ্রমিকরা যে যার মতো এই কর্মবিরতি পালন করছেন।

সর্বনিম্ন বেতন স্কেল পাঁচ হাজার টাকা করাসহ শ্রমিকদের মোট ১৬টি দাবি রয়েছে বলে জানান তিনি।

এই শ্রমিক নেতা বলেন, ২০১০ সালের পর দ্রব্যমূল্যসহ জীবনযাত্রার ব্যয় অনেক বাড়লেও শ্রমিকদের বেতন বাড়েনি।

তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে নৌপথের নিরাপত্তা ও নাব্যতা বাড়ানো এবং ‘মেরিন কোর্টের হয়রানি’ বন্ধ করা।

শ্রমিক ফেডারেশনের ধর্মঘট শুরু হলেও সদরঘাট থেকে বুধবার সকাল ৯টা পযর্ন্ত তিনটি লঞ্চ ছেড়ে গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার মধ্যে চাঁদপুরের উদ্দেশে সোনারতরী, ওয়াপদার উদ্দেশে কলি এবং মুলাদির উদ্দেশে হাওয়ামনি ছেড়ে যায়।

আরো দুটি লঞ্চ গন্তব্যের উদ্দেশে ঢাকা ছাড়ার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

“অন্যদিন এ সময়ে ছয়টি লঞ্চ ছেড়ে গেলেও ধর্মঘটের কারণে আজ তিনটি ছেড়ে যায়,” বলেন তিনি।

যাত্রীসংখ্যাও অন্য দিনের তুলনায় বেশ কম বলে টিআই সোলায়মান জানান।

লঞ্চ মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি বদিউজ্জামান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক ফেডারেশনের দাবি ‘অযৌত্তিক’। তাই অন্য শ্রমিকরা তাদের ধর্মঘট মানছেন না।

মালিক সমিতির এই নেতা বলেন, ২০১০ সালে বেতন-ভাতা বৃদ্ধির সময় শ্রমিক ফেডারেশনের সঙ্গে একটি চুক্তি হয়। সে অনুসারে পাঁচ বছরের মধ্যে বেতন-ভাতা বাড়ানোর জন্য তারা মালিককে কোনো রকম চাপ প্রয়োগ করতে পারবে না বলে উল্লেখ করা হয়।

“চুক্তি অনুযায়ী ২০১৪ সালে শ্রমিকরা বেতন-ভাতা বাড়ানোর দাবি করতে পারবেন।”

তবে এ চুক্তির কথা অস্বীকার করে শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি। মালিক সমিতির নেতারা সাংবাদিকদের ভুল তথ্য দিচ্ছেন।”

জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে শ্রমিকদের বেতন বাড়ানো হবে- মালিকপক্ষের এমন আশ্বাসের প্রেক্ষিতে ২০১০ সালে শ্রমিকরা কাজে যোগ দেয় বলে জানান তিনি।

আন্দোলনের মধ্যেও লঞ্চ ছেড়ে যাওয়া বিষয়ে আশিকুর রহমান বলেন, “আমাদের সংগঠন কয়েক লাখ শ্রমিকের সংগঠন। তাই বিছিন্নভাবে দু-একটি লঞ্চ কেউ কেউ ছাড়তে পারে।”

ধর্মঘটের খবর পাঠিয়েছেন চট্টগ্রাম অফিস এবং চাঁদপুর, নারায়ণগঞ্জ ও বরিশাল জেলা প্রতিনিধিরা।

চট্টগ্রাম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নৌযান শ্রমিকরা কাজ বন্ধ রাখায় বুধবার বহির্নোঙ্গরে অবস্থানরত বিদেশি জাহাজগুলো থেকে লাইটারেজ জাহাজে সকল প্রকার পণ্য খালাস বন্ধ রয়েছে।

বন্ধ আছে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে অবস্থানরত লাইটারেজ থেকে পণ্য পরিবহনও। 

নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মঘটের ফলে চট্টগ্রামে ছয়শতাধিক লাইটারেজ জাহাজ, ট্রলার, ট্যাংকার মালামাল সরবরাহ বন্ধ রেখে ১৬টি ঘাটে অবস্থান করছে।

তিনি জানান, রাত ১২টার পর কোনো লাইটারেজ জাহাজ, অয়েল ট্যাংকার পণ্য আনা-নেয়ার জন্য বহির্নোঙ্গরেও যায়নি।

ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করলেও তার মধ্যে নয়টি জাহাজ থেকে লাইটারেজে পণ্য বোঝাই বন্ধ রয়েছে।

এছাড়া কর্ণফুলী নদীর ষোলটি ঘাটে ক্লিংকার, গম, জিপসাম, ডাল ও লবণ বোঝাই ৪০টি লাইটারেজ জাহাজ পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

চাঁদপুর: ধর্মঘটের কারণে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। বুধবার সকালে ঘাটে যাত্রীরা এসে লঞ্চ না পেয়ে ফিরে গেছ্

সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন বিশ্ব ইজতেমাগামী মুসুল্লিরা।

চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী আব-এ-জমজম লঞ্চের ব্যবস্থাপক বিপ্লব সরকার জানান, লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হেচ্ছে। অনেক যাত্রী ঘাটে এসে ফিরে গেছে।

নারায়ণগঞ্জ: দূরপাল্লার লঞ্চ চলাচল না করলেও পুলিশ প্রহরায় স্বল্প দূরত্বের লঞ্চ চলাচল করতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আহসানউল্লাহ বলেন, ধর্মঘটের কারণে দূরপাল্লার লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সকালে ধর্মঘটের পক্ষের শ্রমিকরা নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল ঘাটে লঞ্চ চলাচল বন্ধের চেষ্টা করলে পুলিশ গিয়ে স্বল্প পাল্লার লঞ্চ চলাচল চালু রাখে।

নৌপথে নৌ পুলিশ টহল দিচ্ছে। লঞ্চ ঘাটেও পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান এসআই আহসান উল্লাহ।

সরেজমিন গিয়ে দেখা যায়, শহরের ৫নং ঘাটসহ আশপাশের এলাকায় শীতলক্ষ্যা নদীতে অনেকগুলো বালুবাহী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান নোঙ্গর করা আছে। এ ঘাটে নৌ শ্রমিকরা সকালে সংক্ষিপ্ত সভা করেছেন।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ২১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।

বরিশাল: সকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার ১৮ রুটে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।  

এতে করে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট-হিজলা, লক্ষ্মীপুর, বাউফল, মীর্জাগঞ্জসহ অন্যান্য রুটে নিয়মিত চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। দূর-দূরান্ত থেকে অনেকে বরিশাল লঞ্চঘাটে এসে পড়েছেন বিপাকে।  

সরজমিনে দেখা যায়, শুধু লঞ্চই নয়, মালবাহী কার্গো-ভেসেল, অয়েল ট্যাংকার এবং সমূদ্রগামী মাছ ধরা জাহাজ চলাচলও বন্ধ রেখেছে শ্রমিকরা।

 সকাল থেকে দফায় দফায় বরিশাল নদী বন্দরে বিক্ষোভ ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা।

কীর্তনখোলা লঞ্চের ব্যবস্থাপক মো. স্বপন মিয়া বলেন, বরিশাল-ঢাকা রুটের লঞ্চে কেবিনের অগ্রিম টিকেট বিক্রি হলেও লঞ্চ ছাড়বে কিনা তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তবে রাতে লঞ্চ ঢাকার উদ্দেশে না গেলে টিকেটের টাকার ফেরত দেয়া হবে।