উল্টো রথযাত্রা শুরু
বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়েছে জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রাম যা শেষ হবে স্বামীবাগ ইসকন মন্দিরে।
শুক্রবার বিকালে বিকাল সোয়া ৪টার দিকে এ রথযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করে বলে ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার জানিয়েছেন।
‘রথোপরি বামন বা জগন্নাথকে দেখতে পেলে জীবের আর পুনর্জন্ম হয় না’-শাস্ত্রমতে এমন বিশ্বাসকে মনে ধারণ করে রথযাত্রা তিথি উদযাপনে অংশ নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা।
উল্টো রথযাত্রা উপলক্ষে আগেই ট্রাফিক নির্দেশনার কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ।
ওই নির্দেশনা অনুযায়ী, উল্টো রথযাত্রা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির-পলাশী মোড়-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার-রমনা চত্বর-দোয়েল চত্বর-হাই কোর্ট মাজার গেট মোড়-সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ সদরদপ্তর-গোলাপ শাহ মাজার হয়ে গুলিস্তান-রাজউক ক্রসিং-বক চত্বর-শাপলা চত্বর-ইত্তেফাক মোড়-হাটখোলা মোড়-রাজধানী মার্কেট ক্রসিং বামে মোড়-দয়াগঞ্জ ট্রাক স্ট্যান্ড ক্রসিং ডানে মোড়-ইসকন মন্দির হয়ে স্বামীবাগে শেষ হবে।
ওয়ারী থানার ওসি কবির হোসেন হাওলাদার বলেন, “উল্টোরথ যাত্রায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় রথযাত্রা। এর আটদিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।
সেই হিসেবে গত শুক্রবার রথযাত্রায় শুরু হয় এ উৎসব, আর একাদশী তিথিতে হচ্ছে প্রত্যাবর্তন। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আটদিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। একে বলে ‘উল্টো রথ’।
এবারের ‘উল্টো রথযাত্রা’ ৯ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকায় একদিন আগেই ৮ জুলাই তা শেষ হচ্ছে।
আরও খবর
