২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ভোটের ফল নিয়ে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস: ইসি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস’ চালিয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 09:58 PM

Updated : 02 Aug 2022, 01:49 PM

রোববার ইসির জনসংযোগ বিভাগের পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এই ব্যাখ্যা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাত্র ৩৪৩ ভোটে পরাজিত প্রার্থী জনাব মনিরুল হক সাক্কুর পক্ষে জনৈক ব্যক্তি ফলাফল ঘোষণার চূড়ান্ত পর্যায়ে এক টেলিফোন কলে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে মর্মে বক্তব্য দিয়েছেন।

“এতে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস হয়েছে। ফলাফল প্রকাশের শেষ পর্যায়ে ইভিএমে ধারণকৃত ফলাফল পাল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়।”

এই ব্যাখ্যা দেওয়ার পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, “বিভিন্ন পত্র-পত্রিকা, নিবন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবেশিত তথ্য ও সংবাদে কিছু বিষয়ে নির্বাচন কমিশন সম্পর্কে জনমনে বিভ্রান্তির উদ্রেক হতে পারে। বিধায় কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা ও বিবৃতি দেওয়া দরকার মনে হয়েছে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রের ফলাফল কেন্দ্রেই ঘোষণা করা হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ইভিএম থেকে মুদ্রিত ফলাফল এবং প্রার্থীদের এজেন্ট এবং প্রিসাইডিং অফিসারদের স্বাক্ষরিত ফলাফলের সব কপি প্রার্থীদের এজেন্টদের সরবরাহ করা হয়েছে।

“পরবর্তী সময়ে প্রিসাইডিং অফিসার নিজে রিটার্নিং অফিসারের নিকট এসে একটি কপি সরবরাহ করেন। রিটার্নিং অফিসার একত্র করে ফলাফল ঘোষণা করেন।”

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের ইভিএম থেকে মুদ্রিত সব কেন্দ্রের ফলাফল এবং প্রার্থীর এজেন্ট এবং প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফলের কপি ইসির ওয়েবসাইটে প্রকাশের কথাও জানানো হয়।

কুমিল্লায় ফল ঘোষণা কেন্দ্রে তুমুল বিশৃঙ্খলা, পুলিশের ধাওয়া  

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে’ আমাকে হারানো হয়েছে: সাক্কু  

হার, জিত, সন্দেহ আর উচ্ছ্বাস কুমিল্লার বাতাসে

ভোটের ফল বদলানোর সুযোগ রিটার্নিং কর্মকর্তার নেই: আলমগীর 

কুমিল্লায় ফল দিতে দেরি, যে ব্যাখ্যা দিলেন রিটার্নিং কর্মকর্তা  

ভোটের ফল ঘোষণার সময়কার পরিস্থিতি নিয়ে ইসির ব্যাখ্যায় বলা হয়েছে, “১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পর রিটার্নিং অফিসারের পক্ষ থেকে বেসরকারি ফলাফল প্রকাশের শেষ পর্যায়ে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে হঠাৎ করে উত্তেজনা, পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতি হলে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়।

“এতে রিটার্নিং অফিসার নির্বিঘ্নে চূড়ান্ত ফল প্রকাশে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। পরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়।

“কোনো কোনো (সব নয়) পত্র-পত্রিকার নিবন্ধ এবং সোশ্যাল মিডিয়াতে বক্তারা এই সময়কে এক বা দেড় ঘণ্টার বিলম্ব বলে রহস্য, অঘটন ইত্যাদি ইঙ্গিত করার চেষ্টা করেছেন। বিষয়টি মোটেই তা ছিল না। বিরাজিত অবস্থায় চূড়ান্ত ফল প্রকাশে উল্লিখিত কারণে কমবেশি ১৫ থেকে ২০ মিনিট দেরি হয়েছিল।”

নির্বাচনে ভোটদানের হার ৫৯ শতাংশ উল্লেখ করে এ নিয়ে কমিশনের অবস্থান তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে।

“ভোটারদের উপস্থিতি ও অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। ৫৯ শতাংশ ভোটের হারকে কেউ কেউ কম বলে গণমাধ্যমে সমালোচনা করেছেন। ইভিএমে কারও পক্ষে দুবার বা অপরের ভোট দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, বিধায় ব্যালটে ভোটের চেয়ে কম হতে পারে।”

ভোটগ্রহণ নির্বিঘ্ন ও স্বচ্ছ করতে প্রথমবার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়েছে উল্লেখ করে ইসি জানিয়েছে, “নির্বাচনকে অধিক নিরপেক্ষ করার উদ্দেশ্যে সিটি করপোরেশন এলাকায় কর্মরত নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন পরিচালনার দায়িত্ব না দিয়ে বাইরে থেকে কর্মকর্তাদের সাময়িকভাবে এনে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল।

“নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের সংবাদকর্মীদের তথ্য ধারণ ও পরিবেশনের জন্য অবাধ সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সহিংসতার কোনো তথ্য পাওয়া যায়নি।”

আরও দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে আন্তরিক ও গঠনমূলক পরামর্শ ভিত্তিক সহযোগিতার প্রত্যাশার কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।