২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বানভাসিদের কষ্ট বাড়াচ্ছে বৃষ্টি, জাগাচ্ছে 'শঙ্কা'

বাড়িঘর ডুবে আশ্রয়ের খোঁজে থাকা বানভাসিদের পিছু ছাড়ছে না বৃষ্টি; দিনভর অঝোর বর্ষণে উজানের পাহাড়ি ঢল তীব্র হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলে অগুণিত পানিবন্দি মানুষ নিদারুণ কষ্ট সইছেন, অসহায় হয়ে পড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2022, 01:54 AM

Updated : 25 Oct 2022, 10:45 AM

মাস কয়েক আগের দুই বন্যায় যা হয়নি; এবার কিছু বুঝে ওঠার আগেই আকস্মিক তৃতীয় দফার বানের পানিতে ঘরবাড়ি তলিয়ে যেতে শুরু করলে বিপদে পড়ে যায় সিলেট, সুনামগঞ্জের মানুষ। শুকনো স্থানে নিরাপদ আশ্রয়ই এখন তাদের প্রধান চিন্তা।

দুই দিন পানিবন্দি থাকার পর এখনও অনেকেই নিরাপদ দূরত্বে সরে যেতে পারেননি। সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় কাছে কিংবা দূর দূরান্তে আটকে পড়াদের উদ্ধারে সরকারি-বেসরকারি তৎপরতা বাড়িয়েও কাজ হচ্ছে না। এর সঙ্গে খাবারের কষ্ট যোগ হলে ভোগান্তি ভয়াবহ রূপ নিয়েছে।

শনিবারও বৃষ্টির পানি বাড়ায় সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ এবং সিলেটের ৬৫ শতাংশের বেশি এলাকা প্লাবিত হয়েছে বলে বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য। সুনামগঞ্জের পাশের জেলা নেত্রকোণাও ডুবতে শুরু করেছে।

গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়েও ভারি বৃষ্টি হয়েছে। এতে পাহাড়ি ঢল আরও বেগ পেয়েছে; যার দুর্ভোগ পোহাচ্ছে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল।

এরমধ্যেই ভারি বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস আরও শঙ্কা জাগাচ্ছে; আগামী দুই দিনে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার পাশাপাশি উত্তরের আট জেলায় বন্যা পরিস্থিতির অবনতির আভাস দিয়েছে।

এবারের বন্যায় সিলেট ও সুনামগঞ্জে হু হু করে পানি বাড়তে থাকায় প্রতিদিনই নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। একে একে প্রায় সব এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হতে থাকলে নিত্যপণ্যের সংকট চলছে।

পানিবন্দি মানুষের শুকনো খাবার ফুরিয়ে আসার খবরের পাশাপাশি জরুরি সব সেবা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সুনামগঞ্জ বিদুৎবিহীন শুক্রবার থেকে, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না।

শনিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়ে সিলেট। ছয় ঘণ্টা পর কিছু এলাকায় বিদ্যুৎ ফিরেছে। নগরীর প্রধান স্বাস্থ্যকেন্দ্র ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে পানি ঢুকে পরিস্থিতি জটিল করে তুলেছে। আগেই বন্ধ হয়ে গেছে বিমানবন্দর।

সিলেট-সুনামগঞ্জের পর নেত্রকোণাও ডুবছে  

সিলেট-সুনামগঞ্জে ১২২ বছরে এমন বন্যা হয়নি: এনামুর  

৬ ঘণ্টা পর সিলেট নগরীর কিছু স্থানে বিদ্যুৎ 

এদিন পানি বেড়ে রেল লাইন, সেতু ভাসিয়ে নিয়ে যাওয়ায় সিলেট স্টেশনে ট্রেন আসা বন্ধ হয়ে গেছে। সিলেট-সুনামগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর গত দুই দিনে আরও অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম পানি সরাতে প্রয়োজনে যেসব রাস্তার কারণে পানি নেমে যেতে পারছে না সেগুলো তাৎক্ষণিকভাবে কেটে ফেলতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বন্যার পূর্বাভাস কী বলছে?

বন্যাকে ঘিরে চারদিক থেকে আসা নানান খবরের মধ্যে নতুন দুসংবাদ হাওর এলাকা নেত্রকোনার পানিতে ভাসতে শুরু করার খবর। ভারি বৃষ্টি অব্যাহত থাকায় সিলেট ও সুনামগঞ্জের পর এবার ডুবতে বসেছে নেত্রকোনা। আর উত্তরের আট জেলাসহ

অন্তত ১৩টি জেলায় বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিরাজমান এ বন্যা পরিস্থিতি আরও দু’দিন অবনতি হবে জানিয়ে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরফিুজ্জামান ভুঁইয়া বলেন, “ইতোমধ্যে সিলেটে ৬৫-৭০ শতাংশ এলাকা, সুনামগঞ্জের ৯০ শতাংশ এলাকা প্লাবিত। নেত্রকোণায় খারাপ হচ্ছে। ১২-১৩ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আগামী মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি শুরু হবে আশা করি। এ বন্যার দুর্ভোগ ৭-১০ দিন পর্যন্ত থাকতে পারে।”

ইতোমধ্যে সিলেট ও সুনামগঞ্জের প্লাবিত বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। পানির পাশাপাশি অন্ধকারের সঙ্গে লড়ছে তারা। এ দুই জেলার অন্তত ৩৫ লাখেরও বেশি মানুষ পানিবন্দি বলে শুক্রবারই জানিয়েছিলেন বিভাগীয় কমিশনার।

মঙ্গলবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস এলেও নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সরকারি হিসাবেই ১০ জেলার ৬৪ উপজেলা বন্যাকবলিত হয়েছে।

উদ্ধার চলবে শেষ পর্যন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান জানান, পরিস্থিতি মোকাবেলায় দেশের সব সংস্থা একসঙ্গে কাজ করছে। যথেষ্ট পরিমাণ ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান।

“সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। সবাইকে উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চালাবে তারা।“

তিনি বলেন, আশা করা হচ্ছে মঙ্গল ও বুধবার থেকে পানি কমে সিলেট ও সুনামগঞ্জে পরিস্থিতি উন্নতি হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩২ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জ ও সিলেটে এই পর্যন্ত ৮০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। জিআর থেকে ২০ কোটি টাকা চাওয়া হয়েছে।

বিরাজমান বন্যা পরিস্থিতি নিয়ে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইন্সটিটিউটের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, এ বছর বৃষ্টির প্রকোপটা বেশি। উজানেও বৃষ্টি হচ্ছে। প্রি-মনসুন থেকে একটু একটিভ।…সার্বিক বিরূপ পরিবেশে এক্সট্রিম ইভেন্টগুলো বাড়ছে। বন্যার প্রাদুর্ভাব একটু বাড়ছে। সে অনুসারে আমাদেরও প্রস্তুতি বাড়াতে হবে।

“বাঁধ শক্তিশালী করার পাশাপাশি আশ্রয়কেন্দ্র বাড়ানো, বন্যার সঙ্গে সঙ্গে ভাঙ্গনের প্রবণতাও বাড়ে। এর প্রটেক্টশনও দিতে হবে। খাবার, বিশুদ্ধ পানিসহ ত্রাণ সরবরাহ, পুনর্বাসনের বিষয় রয়েছে। বিশাল একটা অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে।”

এই বিশেষজ্ঞ জানান, প্রতি বছরই কম-বিস্তর ভালোই বন্যা হচ্ছে। এবারও কয়েকটা বন্যা দেখতে হতে পারে। বন্যার সঙ্গে বসবাস করতে হবে বলে শঙ্কা প্রকাশ করেন।

পানি নামতে প্রয়োজনে সিলেটে রাস্তা কাটার নির্দেশ

সিলেট অঞ্চলে বন্যার পানি নেমে যাওয়ার ক্ষেত্রে কোনো সড়ক বাধা হয়ে থাকলে তা কেটে পানি চলাচল নির্বিঘ্ন করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

এছাড়া সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পানি ঢুকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় সিটি করপোরেশনকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দেন তিনি।

Image
ছবি: আইএসপিআর।

ছবি: আইএসপিআর।

শনিবার রাজধানীর মিন্টু রোডে অবস্থিত সরকারি বাসভবনে সিলেট অঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং সিলেট সিটি করপোরেশনকে যে সকল রাস্তার কারণে পানি নেমে যেতে পারছে না সেসব রাস্তা তাৎক্ষণিকভাবে কাটার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যার কারণে সিলেট-সুনামগঞ্জসহ ওই অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে উল্লেখ করে তিনি জানান, এখন প্রধান লক্ষ্য হচ্ছে বন্যাদুর্গত এলাকা থেকে মানুষকে রক্ষা করে নিরাপদ স্থানে নিয়ে আসা এবং আটকেপড়া মানুষদের নিকট শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা।

স্বল্প থেকে মধ্য মেয়াদি বন্যা

ব্রহ্মপুত্র-যমুনা ও সুরমা-কুশিয়ারা অববাহিকায় জুনের তৃতীয় সপ্তাহের এ বন্যা স্বল্পমেয়াদী থেকে মধ্যমেয়াদী বন্যায় স্থায়ী হবে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে।

এতে বলা হয়, নদ-নদীর ১৭টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে বয়ে যাচ্ছে। সুরমা ছাড়া দেশের সব নদীর পানি বেড়ে যাচ্ছে।

উত্তর পূর্বাঞ্চলে সুরমা-কুশিয়ারাসহ সব নদ-নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমার অতিক্রম করায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণা জেলায় ৭-১০ দিন বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

Image
ছবি: আইএসপিআর।

ছবি: আইএসপিআর।

চতুর্থ সপ্তাহের প্রথমভাগে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে এবং পরিস্থিতির উন্নতি ঘটবে।

নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জান ভুঁইয়া জানান, আগামী তিন দিন উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গে কিছু স্থানে ভারি বর্ষণের আভাস রয়েছে।

এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, সুরমা, কুশিয়ারা, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ সব নদ-নদীর পানি বাড়তে থাকতে পারে।

উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনাগঞ্জ, নেত্রকোণার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতিরও অবনতি অব্যাহত থাকবে আগামী ২৪ ঘণ্টায়।

সিলেট ও সুনামগঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন

সিলেটে বন্যা দুর্গতদের উদ্ধারে নৌকা সঙ্কট

ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ  

ব্রহ্মপুত্র-যমুনার পানি বিপৎসীমার অতিক্রম করায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ও পাবনা জেলায় সাত থেকে ১০ দিন মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তিস্তা ও ধরলার পানি ভারি বর্ষণে কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও লালমনিরহাট জেলায় ৫-৭ দিন বন্যা পরিস্থিতি হতে পারে।

তিনি জানান, জুনের শেষ সপ্তাহের প্রথম ভাগে বৃষ্টিপাত কমে আসার আভাস রয়েছে। এতে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

জুনের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে গঙ্গার পানি স্থিতিশীল থাকতে পারে। পদ্মার পানি বেড়ে বিপৎসীমার কাছাকাছি অবস্থানের শঙ্কা রয়েছে। এর ফলে রাজবাড়ি, ফরিদপুর, মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলার নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

সিলেটে ২৮২ মিলিমিটার বৃষ্টি, আরও ভারী বর্ষণের আভাস

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের শঙ্কাও রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সববেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২৮২ মিলিমিটার। এসময় রাঙ্গামাটিতে ১১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রবল বিদ্যুৎ চমকানিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা প্রতিনিধি]