ঢাকার সবুজবাগে ‘রক্তাক্ত অবস্থায়’ গৃহবধূর লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ এলাকার একটি বাসা থেকে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার শিশু সন্তানের গায়েও রক্ত মাখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বেগুনবাড়ি মাস্টার গলির চারতলা একটি ভবন থেকে তানিয়া আফরোজ নামে ২৮-২৯ বছর বয়সী ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান, সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) আজগর আলী।
তিনি বলেন, “সন্ধ্যা ৬টার দিকে ৯৯৯ থেকে (জাতীয় জরুরি সেবা নম্বর) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে মুক্তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পাওয়া যায়।
“তার পাশে থাকা শিশু সন্তানকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।”
তবে শিশুটির গায়ে কোনো আঘাত ছিল না বলে জানান,পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার মো. আ. আহাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে এসি ঠিক করতে এসে এক ব্যক্তি বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে। বাসার এসি খোলা অবস্থায় নামানো ছিল এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল।
“কিছু খোয়া গেছে কি না বা হত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না সে বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।”
পুলিশ পরিদর্শক আজগর আলী জানান, চারতলা ভবনের দোতলায় দুই সন্তান নিয়ে থাকতেন মুক্তা। তার স্বামী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। তিনি সেখানেই থাকেন।
