২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা হয়নি ইংরেজি-গণিত, মাধ্যমিকে রেকর্ড সাফল্য

ভাইরাসের ত্রাসে এবারের মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়েই সংশয় ছিল, নয় মাস পিছিয়ে সীমিত কলেবরে যে পরীক্ষা হল, তার ফল নিয়ে উদ্বেগ ছিল শিক্ষার্থী-অভিভাবক সকলের। সব উদ্বেগ আর শঙ্কা উড়িয়ে দিল রেকর্ড পাসের হার।  

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 01:11 AM

Updated : 10 Oct 2022, 06:30 PM

এসএসসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ড মিলিয়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে এবার। তাদের মধ্যে পূর্ণ জিপিএ বা পাঁচে পাঁচ পেয়েছে পৌনে দুই লাখ শিক্ষার্থী।

মহামারীর সঙ্কটকালে অভূতপূর্ব এই সাফল্য কীভাবে এল? বৃহস্পতিবার ফলাফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বললেন তিনটি কারণের কথা।

দীপু মনি বলেন, মহামারীর কারণে এবার কেবল তিনটি নৈর্বচনিক বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। সেই পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের ওপর। আর প্রশ্নপত্রে বিকল্প ছিল অনেক বেশি ।

তাতে সায় দিচ্ছেন শিক্ষক আর বিশেষজ্ঞরাও। তাদের মতে, এই সাফল্যের মূল কারণ লুকিয়ে আছে ইংরেজি আর গণিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, এসএসসিতে পাসের হার সবচেয়ে বেশি কম থাকে ইংরেজি ও গণিতে। আবার এসএসসি পরীক্ষার তুলনায় জেএসসিতে এ বিষয়গুলোর ফলাফল ভালো থাকে।

এবার আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে জেএসসি-জেডিসির ওই বিষয়ের ফলের ভিত্তিতে, যাকে বলা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং। সে কারণেই ফল ভালো হয়েছে বলে মনে করেন অধ্যাপক হাফিজুর।

অবশ্য পর্যাপ্ত ক্লাসের সুযোগ না পাওয়ায় এই ভালো ফলের ভেতরটা ফাঁপা থেকে গেল কি না, সেই সংশয়ও থাকছে।

শিক্ষক ও বিশেষজ্ঞরা বলছেন, অচিরেই কলেজের চৌকাঠে পা রাখতে যাওয়া এই কিশোর শিক্ষার্থীদের শিখন ঘাটতি কাটাতে সবাইকেই উদ্যোগী হতে হবে।

মহামারীকালের মাধ্যমিকে রেকর্ড ৯৩.৫৮% পাস

এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন ৬ জানুয়ারি পর্যন্ত  

 

উল্লম্ফন

দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এবার ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

তাদের মধ্যে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন পাস করেছে; জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

এবার নয়টি শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ৯৬ দশমিক ০৩ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৩ দশমিক ৪১ শতাংশ এবং মানবিক বিভাগে ৯৩ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গতবছর বিজ্ঞান বিভাগে ৯৪ দশমিক ৫৪ শতাংশ, মানবিকে ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৮৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসেবে তিনটি বিভাগেই এবার পাশের হার বেড়েছে। মানবিক আর ব্যবসায় শিক্ষায় উন্নতি হয়েছে বেশি।

সার্বিকভাবে পাসের হার দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী, যা এ যাবতকালের সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালে সব বোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৯২ দশমিক ৬৭ শতাংশ, এতদিন সেটাই ছিল রেকর্ড।

স্কুল পেরোনোর আনন্দ, ‘যুদ্ধজয়ের’ উদযাপন

অষ্টমে ‘খারাপ’ ফলের মাশুল মাধ্যমিকে  

Image
এসএসসিতে বন্ধুরা সবাই পেয়েছে জিপিএ-৫, সেই মুহূর্ত মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে রাখছেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

এসএসসিতে বন্ধুরা সবাই পেয়েছে জিপিএ-৫, সেই মুহূর্ত মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করে রাখছেন ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: মাহমুদ জামান অভি

সাবজেক্ট ম্যাপিং

দেশে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে এলেও কোভিড পরিস্থিতিতে এবার নয় মাস পিছিয়ে ১৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দশম শ্রেণিতে মাত্র চার মাস সরাসরি ক্লাস করার সুযোগ পায় পরীক্ষার্থীরা।

সংক্রমণের ঝুঁকি কমাতে এ বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। তিন ঘণ্টার পরিবর্তে পরীক্ষা নেওয়া হয়েছে দেড় ঘণ্টায়। কেবল তিনটি নৈর্বচনিক বিষয়ের পরীক্ষায় বসতে হয়েছে শিক্ষার্থীদের।

বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষা জেএসসি-জেডিসির সংশ্লিষ্ট বিষয়ের ফলাফল ধরে মূল্যায়ন করা হয়েছে।

এই মূল্যায়ন কীভাবে হয়েছে, তার একটি ব্যাখ্যা ফল প্রকাশের সংবাদ সম্মেলনে দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, বাংলা, ইংরেজি, গণিতের মত যে আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হয়নি, সেসব বিষয়ে জেএসসি-জেডেসিতে শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে, সেটাকেই এসএসসির জন্য আমলে নেওয়া হয়েছেভ

আর চতুর্থ বিষয়ের ক্ষেত্রে জেএসসি বা জেডেসির ‘সামঞ্জস্যপূর্ণ’ আবশ্যিক বিষয় থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর নির্ধারণ করা হয়েছে।

“যেমন ধরুন, যার চতুর্থ বিষয় উচ্চতর গণিত ছিল, তারতো জেএসসি-জেডিসিতে উচ্চতর গণিত বলে কিছু ছিল না। সে জেএসসি-জেডেসিতে গণিতে যা পেয়েছে সেই নম্বরটি থেকে আমরা এখানে নম্বর নিয়ে এসেছি। আবার, যে চতুর্থ বিষয় জীববিজ্ঞান, তার জেএসসি-জেডেসির বিজ্ঞানের নম্বরটি সেটাকে আমরা নিয়ে এসেছি। সাবজেক্ট ম্যাপিংটা এভাবে হয়েছে।”

মাধ্যমিকে রেকর্ড পাসের ৩ কারণ বললেন শিক্ষামন্ত্রী  

Image
এসএসসির ফল প্রকাশের পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশে ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

এসএসসির ফল প্রকাশের পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশে ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

সুবিধা ছিল আরও

অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, ক্লাস নিতে না পারায় এবার সিলেবাস কমিয়ে মাত্র তিনটি বিষয়ের পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা অল্প পড়ে পরীক্ষা দিতে পেরেছে। তাছাড়া প্রশ্নপত্রে বিকল্পও ছিল বেশি। সব কিছুরই প্রভাব পড়েছে ভালো ফলাফলে।

যেমন গতবারও পূর্ণাঙ্গ সিলেবাসে বিজ্ঞানের বিষয়গুলোর পরীক্ষায় ৮টি সৃজনশীল প্রশ্ন থেকে ৫টির উত্তর দিতে হয়েছে। আর এমসিকিউ প্রশন ছিল ২৫টি।

এবার এ বিভাগে ৮টি সৃজনশীল প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হয়েছে। আর ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে উত্তর দিতে হয়েছে ১২টির।মানবিক আর ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরাও একই ধরনের সুবিধা পেয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, “সংক্ষিপ্ত সিলেবাসে নৈর্বচনিক বিষয়গুলোর পরীক্ষা হওয়ায় বেশি মনোযোগ দিতে পেরেছে শিক্ষার্থীরা। মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হওয়ায় সবার পরীক্ষাই মোটামুটি ভালো হয়েছে। প্রশ্নে বিকল্প থাকায় সহজে উত্তর দেওয়া গেছে। এসব কারণে ফল ভালো হয়েছে।”

 

ইংরেজি আর গণিত

এ দুটো বিষয়ে বাজে ফলের কারণে ২০১৮ সালে মাধ্যমিকে সার্বিক পাসের হার নেমে এসেছিল ৭৭ দশমিক ৭৭ শতাংশে।

সেই ধাক্কা সামলে ২০১৯ সালে পাশের হার বেড়ে হয় ৮২ দশমিক ৮০ শতাংশ। আর ২০২০ সালে পাসের হার ছিল  সামান্য বেশি, ৮২ দশমিক ৮৭ শতাংশ। 

গতবছর পাসের হারে পিছিয়ে থাকা সিলেট বোর্ড এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পাসের হার নিয়ে।

এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, “মানবিকে এবার ভালো ফলাফল হয়েছে আমাদের। গণিত ও ইংরেজি বিষয়ে পরীক্ষা না থাকায় অনেকে ভাল করেছে। আর আমরা করোনার সময়ে অনলেইনে ক্লাস চালিয়ে গিয়েছিলাম। এটাও ভালো ফলাফলের একটি কারণ।”

এসএসসিতে ভালো ফলে এবারও এগিয়ে বিজ্ঞান বিভাগ

মাধ্যমিক: জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ

মাধ্যমিকে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে মেয়েরা  

ঘটেছে উল্টোটাও 

ইংরেজি আর গণিত পরীক্ষা না হওয়া অনেকের জন্য যেমন শাপে বর হয়েছে, তেমনি কারও কারও ক্ষেত্রে বিপত্তি ঘটেছে সেখানেই। 

যশোরের গোটাপাড়া মাধ্যমিক স্কুলের মানবিকের পরীক্ষার্থী বিজয় কুমার দে জেএসসি পরীক্ষায় বাংলা ও গণিতে জিপিএ ৩ এবং বিজ্ঞানে জিপিএ ২ পেয়েছিল। এসএসসিতে এসে তিন বিষয়ে এ প্লাস থাকলেও সার্বিক ফলে সে পিছিয়ে পড়েছে।

“সব বিষয়ে পরীক্ষা হলে হয়ত আমি ভালো করতাম। একটা পরীক্ষায় খারাপ রেজাল্ট করায় সেই ফলই আমাকে বয়ে বেড়াতে হবে। এটা তো আমার প্রকৃত মূল্যায়ন হল না,” বললো বিজয়।

সাবজেক্ট ম্যাপিংয়ের এই ধাঁধায় পড়ে প্রত্যাশিত ফল পায়নি ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পাস করা ফারহান মাহিও্। নির্বাচিত তিন বিষয়ের পরীক্ষায় ভালো করলেও জেএসসিতে ইংরেজিতে এ মাইনাস আর গণিতে বি গ্রেড থাকায় এসএসসিতে মোট জিপিএ হয়েছে ৪ দশমিক ৫।

 

ঘাটতি পূরণ কীভাবে?

মহামারীর বড় একটি সময় ঘরবন্দি শিক্ষার্থীদের ক্লাস হয়েছে অনলাইনে, যা নিয়ে সন্তুষ্ট ছিল না কোনো পক্ষই। ১২ সেপ্টেম্বর স্কুল-কলেজ খুলে দেওয়ার পর দেড় মাস শ্রেণিকক্ষে ক্লাস করে এসএসসিতে বসতে হয়েছে শিক্ষার্থীদের। 

এই শিক্ষার্থীরা নবম শ্রেণির পাঠচক্র স্বাভাবিকভাবে শেষ করতে পারলেও দশম শ্রেণিতে অনেকটাই পড়ালেখার বাইরে ছিল। নেটওয়ার্ক ও ডিভাইস সঙ্কটের কারণে গ্রামের আর নিম্নবিত্তের শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস করতেও সমস্যা হয়েছে।

পাসের হারে রেকর্ড গড়লেও শিক্ষার্থীদের শেখার ক্ষেত্রে যে ঘাটতি রয়ে গেছে, তা পূরণের দিকে বাড়তি নজর দিতে বলছেন ফাহিমা খাতুন।

“শিক্ষার্থীদের এইচএসসি শুরু হওয়ার কথা ছিল জুলাইয়ে। সেটা শুরু হবে মার্চে। কাজেই এখানে ছয় মাস পিছিয়ে থাকছে শিক্ষার্থীরা। আবার এইচএসসিতে সময়ও কম পাওয়া যায়। এবারে তো সময় আরও কমে গেল।

“ফলে সেই সিলেবাস শেষ করাও তাদের জন্য কঠিন হয়ে যাবে। শিখন ঘাটতি পূরণ করাও সম্ভব হবে না। সে অনুয়ায়ী কোনো পরিকল্পনা নিলে হয়ত শিক্ষার্থীদের ঘাটতি কমে আসবে।”

সেজন্য কী করা যেতে পারে? মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক এই মহাপরিচালক উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নিয়ে সেই ঘাটতি পোষানোর পরামর্শ দিচ্ছেন।

আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অধ্যাপক হাফিজুর রহমান শিখন ঘাটতি পূরণে ‘মাস্টার প্ল্যান’ করে এগোনোর তাগিদ দিয়েছেন।

তিনি বলেন, “একটা কাজ করলে ভালো হয়, এনসিটিবির মাধ্যমে সিলেবাস না কমিয়ে পুনর্বিন্যাস করে শিক্ষার্থীদের যে জায়গায় গ্যাপ থেকে গেছে, সেটা পূরণ করতে পারে। এজন্য গবেষণাও করা যেতে পারে।”

এবারের পরীক্ষায় শিক্ষার্থীরা ফলাফলে তাদের শিখন প্রক্রিয়ার প্রকৃত প্রতিফলন ঘটেনি মন্তব্য করে অধ্যাপক হাফিজুর বলেন, “সব বিষয়ের অনেক অধ্যায় শিক্ষার্থীদের পড়া হয়নি। সেই ঘাটতি তাদের রয়ে গেছে। সেই গ্যাপ নিয়েই সে জিপিএ-৫ পাচ্ছে। সামনের পরীক্ষাগুলোতে সে সতর্ক না থাকলে হোঁচট খাওয়ার শঙ্কা খুব বেশি।”

জেএসএসিরে ফলের ভিত্তিতে মূল্যায়ন করায় শিক্ষার্থীদের মেধার যাচাই যে সঠিকভাবে হয়নি, ফাহিমা খাতুনও সে কথা বলেছেন। 

“এই পরীক্ষাটা নিয়ে অনেক বাচ্চার প্রশ্ন থাকবে। অনেকে হয়ত জেএসসিতে খারাপ করেছে, তাদের ফলাফলটা এসএসসিতেও খারাপ হয়ে গেছে। তবে করোনাভাইরাসের মধ্যেও যে পরীক্ষা নেওেয়া হয়েছে, এটা একটা ভাল দিক।”

মাধ্যমিকে সবাই ফেলের স্কুল কমে ১৮  

চিন্তিত শিক্ষক ও অভিভাবকরাও

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের তাসমিয়া কামাল এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। তার এই ফলাফলে মা আফরিনা আনোয়ার খুশি, কিন্তু তার চিন্তা শেখার ঘাটতি নিয়ে।

“করোনার কারণে যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার ছিল, সেটা তো ওরা নিতে পারেনি। বাংলা, ইংরেজি, সমাজ, তথ্যপ্রযুক্তির পরীক্ষা হয়নি। আবার চতুর্থ বিষয় জীববিজ্ঞান বা উচ্চতর গণিতেও পরীক্ষা হল না। ওরা কী শিখল তা তো বোঝা গেল না। পরীক্ষা হবে না জেনে ওরা এগুলো পড়েইনি।”

যে বিষয়গুলোর পরীক্ষা হয়নি, এইচএসসিতে সেগুলোতে বাড়তি মনোযোগ দিয়ে আলাদা সিলেবাস করা প্রয়োজন বলে মনে করছেন এই অভিভাবক।

মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম মনে করেন, পরীক্ষা না নিয়ে শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হলে সেটা আরও খারাপ হত।

আর ঘাটতি যেটা থেকে গেল, সেটা কমিয়ে আনতে সবারই বাড়তি মনোযোগ দেওয়া উচিত বলে তিনি করেন।

“যেহেতু মহামারীর কারণে একটা ক্ষতি হয়ে গেছে, সেটা যতটা সম্ভব পূরণ করে নিতে হবে। শিক্ষার্থীদের বোঝাতে হবে যে, তাদের অনেক বিষয়ে জানা বাকি আছে। উচ্চ মাধ্যমিকে সে বিষয়গুলো পড়িয়ে ঘাটতিটা পূরণ করতে হবে।”