২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অষ্টমে ‘খারাপ’ ফলের মাশুল মাধ্যমিকে

গণিত বিষয়ে পরীক্ষার দিন অসুস্থতার কারণে জেএসসিতে ভালো ফল পায়নি লক্ষ্মীপুরের সিদরাতুল মুনতাহা এশা, এসএসসি পরীক্ষার ফলাফল মূল্যায়নে সেই ফল বিবেচনায় নেওয়ায় এবারও অন্য সব বিষয়ে ভালো করেও শুধু গণিতের কারণেই সে এ প্লাস পায়নি। 

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 10:14 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

গণিতে ডি গ্রেড পাওয়ায় দুইবছর আগে জিপিএ ৪ দশমিক ২৯ নিয়ে নিম্ন মাধ্যমিক শেষ করেছিল লক্ষ্মীপুরের পৌর শহীদ স্মৃতি একাডেমির এ ছাত্রী। এসএসসিতে যে তিন বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, তার সব কটিতে পূর্ণ গ্রেড পয়েন্ট পেলেও ওই ফল তাকে পিছিয়ে দিয়েছে।

জেএসসিতে গণিতে ডি গ্রেডের ফেরে এসএসসিতে এসে গণিত ও উচ্চতর গণিতে ডি গ্রেড হয়ে গেছে এশার; বাকি বিষয়ে এ প্লাস পেলেও তার ফল এসেছে জিপিএ ৪ দশমিক ৪৪।

“ভাগ্য সহায় হয়নি আমার বোনের। রেজাল্ট হওয়ার পর থেকে অনবরত কান্নাকাটি করছে, আমরা কোনোভাবেই থামাতে পারছি না,” এভাবে নিজেদের মনোকষ্টের প্রকাশ ঘটান এশার ভাই তানভীর হাসান সৈকত।

ভালো কলেজে বোনের ভর্তির সুযোগ নিয়ে দুশ্চিন্তায় থাকার কথাও জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এই সদস্য।

মহামারীকালের সংক্ষিপ্ত সিলেবাস ও নির্বাচিত বিষয়ের পরীক্ষার কারণে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী পাস করেছেন। কিন্তু জেএসসি-জেডিসির ফল বিবেচনায় নিয়ে ’সাবজেক্ট ম্যাপিং’ পদ্ধতিতে করা ফলাফল গণনা বুক ভেঙে দিয়েছে এশার মত অনেক কিশোর-কিশোরীকে।

মহামারীর মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি করে নির্বাচিত বিষয়ের পরীক্ষা হয়েছে। বাকি আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়নে বিবেচনায় নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের জেএসসি-জেডিসির ফলাফল, যেটাকে বলা হচ্ছে ‘সাবজেক্ট ম্যাপিং। সব মিলিয়েই এবারের পরীক্ষা ফল ঘোষণা করা হয়েছে।

সাবজেক্টে ম্যাপিংয়ের বিষয়ে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী বলেন, “যেগুলো নৈর্বাচনিক বিষয়, সেগুলোর তো পরীক্ষা হয়েছে। যেগুলো আবশ্যিক বিষয়, যেমন ধরুন বাংলা বা ইংরেজিতে সরাসরি জেএসসি-জেডেসিতে যে নম্বরগুলো পেয়েছে, সেগুলো নেওয়া হয়েছে।

“চতুর্থ বিষয়ের ক্ষেত্রে, যে তিনটি নৈর্বাচনিক বিষয়ের পরীক্ষা হয়েছে, সেগুলো ছাড়া চতুর্থ বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ জেএসসি বা জেডিসি পর্যায়ের আবশ্যিক বিষয় থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর নির্ধারণ করা হয়েছে।”

বিষয়টি ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, “যেমন ধরুন, যার চতুর্থ বিষয় উচ্চতর গণিত ছিল, তারতো জেএসসি-জেডিসিতে উচ্চতর গণিত বলে কিছু ছিল না। সে জেএসসি-জেডিসিতে গণিতে যা পেয়েছে সেই নম্বরটি থেকে আমরা এখানে নম্বর নিয়ে এসেছি।

“আবার, যে চতুর্থ বিষয় জীববিজ্ঞান, তার জেএসসি-জেডিসির বিজ্ঞানের নম্বরটি সেটাকে আমরা নিয়ে এসেছি। সাবজেক্ট ম্যাপিংটা এভাবে হয়েছে।”

সাবজেক্ট ম্যাপিংয়ের এই ধাঁধায় পড়ে এশার মতো প্রত্যাশিত ফল পাননি ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে পাস করা ফারহান মাহিও; নির্বাচিত তিন বিষয়ের পরীক্ষায় বেশ ভালো করলেও প্রত্যাশিত জিপিএ-৫ ধরা দেয়নি তার।

জেএসসিতে ইংরেজিতে এ মাইনাস আর গণিতে বি গ্রেড থাকায় প্রত্যাশার মধ্যে ফারাক রয়ে গেছে তার, মোট জিপিএ ৪ দশমিক ৫০ পেয়ে শেষ হয়েছে তার মাধ্যমিকের গণ্ডি।

নির্বাচিত তিন বিষয়- হিসাববিজ্ঞানে ও ফিন্যান্সে এ প্লাস গ্রেড এবং ব্যবসায় উদ্যোগে এ গ্রেড পেয়েছে মাহি।

অন্যদিকে কৃষি শিক্ষায় জেএসসিতে এ প্লাস পেলেও এসএসসিতে এসে তা হয়ে গেছে এ গ্রেড; কারণ সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং কৃষি শিক্ষার ফলের গড়ের ফল হয়েছে এসএসসির কৃষি শিক্ষায়।

ফলাফলে একটু মন খারাপ হলেও আগের তুলনায় ভালোই করেছে এই পরীক্ষার্থী; জেএসসিতে জিপিএ-৪ থেকে এসএসসিতে এসে তার জিপিএ-৪ দশমিক ৫০ উঠেছে।

ভাগ্য সহায় না হওয়ার কথা উল্লেখ করে এই শিক্ষার্থীর বাবা শহিদুল ইসলাম বলেন, “জেএসসিতে গণিতে তার ফলাফল প্রত্যাশিত মাত্রায় ছিল না। হঠাৎ করে একটা মিসিং হয়ে গিয়েছিল। ওখান একটু পিছিয়ে পড়ার কারণে তাকে এখানেও পিছিয়ে পড়তে হল।”

রাজধানীর কুর্মিটোলা উচ্চ বিদ্যালয়ের সৈয়দ সাদমান নবী আগের চেয়ে ভালো জিপিএ নিয়ে মাধ্যমিক শেষ করলেও তার দুঃখ জেএসসির ফলাফল নিয়ে। নির্বাচিত তিন বিষয়ে ভালো পরীক্ষা দিয়ে তার ফলও পেয়েছে সে, তিনটির একটিতে এ প্লাস এবং দুটিতে এ গ্রেড পেয়েছে সে।

কিন্তু জেএসসির ফল জিপিএ-৪ থেকে থেকে এসএসসিতে ৪ দশমিক ৩৯ জিপিএ পেলেও তার আশা ছিল আরেকটু ভালো করার। কারণ, সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে কৃষি শিক্ষায় আগে যেখানে এ প্লাস গ্রেড ছিল তা এবার নেমে এসেছে এ মাইনাসে।

মনোকষ্ট প্রকাশ করে সাদমান নবীর বাবা সৈয়দ মাহমুদুন্নবী বলেন, “জেএসসিটা আমার ছেলের খারাপ হয়েছিল। এর মানে তো এই না যে ওর এসএসসিও তেমনই হতো। হয়তো পরীক্ষা দিলে ও ভালো করত। যে তিনটা বিষয় পরীক্ষা দিয়েছে, সেগুলোর সবগুলোতে ও ভালো করেছে।”

সাবজেক্ট ম্যাপিংয়ের এই ফল পরিবর্তন করার একমাত্র উপায় মানোন্নয়ন বলেই জানিয়েছেন সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।

এ বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে কেউ খারাপ করে থাকলে সেটা পুনঃনিরীক্ষণের কোনো সুযোগ নেই।

“যে বিষয়গুলোতে পরীক্ষা হয়েছে, সেগুলো রিভিউ করতে পারবে শিক্ষার্থীরা। বাকি বিষয়গুলো রিভিউ করা যাবে না। তবে সে বিষয়গুলোর মানোন্নয়ন পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে।”

অন্যদিকে মহামারী পরিস্থিতির কারণে এ বছরের মতো শুধু নির্বাচিত বিষয়ে পরীক্ষা হলে সেই সুযোগও থাকবে না শিক্ষার্থীদের সামনে।

মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলেই কেবল সব বিষয়ের পরীক্ষা হবে বলে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, “২০২২ সালের এসএসসি-এইচএসসির জন্যও আমরা সিলেবাস সংক্ষিপ্ত করেছি। সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপর আমরা তাদেরকে পড়াশোনা করাচ্ছি।

“আমাদের প্রত্যাশা, যদি এই করোনা পরিস্থিতি খারাপের দিকে না যায়, প্রার্থনাও করছি, তাহলে হয়ত আমরা বছরের মাঝামাঝি নাগাদ এসএসসি পরীক্ষা এবং তারপর এইচএসসি পরীক্ষা নিয়ে নিতে পারব।”

শিক্ষামন্ত্রী বলেন, “করোনাভাইরাস পরিস্থিতির উপর নির্ভর করে দেখব কেবল নৈর্বাচনিক বিষয়ের উপর পরীক্ষা হবে, নাকি সবগুলোতে নেওয়া যায়।”