এসএসসিতে ভালো ফলে এবারও এগিয়ে বিজ্ঞান বিভাগ
মহামারীতে বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফলের হিসাবে বরাবরের মতই এগিয়ে আছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
ভালো ফলে পিছিয়ে থাকলেও এবার মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে উত্তীর্ণের হার বেড়েছে।
নয়টি শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ৯৬ দশমিক ০৩ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৩ দশমিক ৪১ শতাংশ ও মানবিক বিভাগে ৯৩ দশমিক ২৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গত বছর বিজ্ঞান বিভাগে ৯৪ দশমিক ৫৪ শতাংশ, মানবিকে ৭৬ দশমিক ৩৯ শতাংশ ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৮৪ দশমিক ৮০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।
চলতি বছরের বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেওয়া ৫ লাখ ৫ হাজার ২৪৪ জনের মধ্যে ৪ লাখ ৮৫ হাজার ১৭৬ জন, মানবিকে ৯ লাখ ২১ হাজার ১২২ জনের মধ্যে ৮ লাখ ৫৮ হাজার ৮৫৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩ লাখ ৬৫ হাজার ৯৪৬ জনের মধ্যে পাস করেছে ৩ লাখ ৪২ হাজার ১৮১ জন।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী, যাদের মধ্যে পাস করেছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন, ফেল করেছে ১ লাখ ৪৩ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী।
এবার পাশের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
গত বছর ২০ লাখ ৪০ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।
বেশ কয়েক বছর ধরে দেশে ফেব্রুয়ারিতে মাধ্যমিকের পরীক্ষা হয়ে আসছে। মহামারী পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে ১৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়।
করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি কমাতে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের।
বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে এবার পরীক্ষা নেয়া না হলেও জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
