২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক: জিপিএ-৫ এ শীর্ষে ঢাকা, পাসের হারে ময়মনসিংহ

মহামারীতে নয় মাস বিলম্বিত এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হারে শীর্ষে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 04:05 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

এই বোর্ডে সবচেয়ে বেশি, ৯৭ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে, ৯০ দশমিক ১৯ শতাংশ।

গতবছর পাশের হারে পিছিয়ে থাকা সিলেট বোর্ড এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ৯৬ দশমিক ৭৮ শতাংশ পাসের হার নিয়ে। এরপরই রয়েছে কুমিল্লা বোর্ড, তাদের পাসের হার ৯৬ দশমিক ২৭ শতাংশ।

এর আগে টানা আটবার পাসের হারে শীর্ষ ছিল রাজশাহী শিক্ষাবোর্ড। এবার এ বোর্ডের ৯৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

প্রতিবারের মত এবারও জিপিএ-৫ এ সবার উপরে রয়েছে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা, এ শিক্ষা বোর্ডের ৪৯ হাজার ৫৩০ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ পেয়েছে।

২০০১ সালে এসএসসিতে গ্রেডিং পদ্ধতি চালুর পর থেকেই এই স্থানটি ধরে রেখেছে ঢাকার শিক্ষার্থীরা।

সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ড। এই বোর্ডের ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী এবার জিপিএ-৫ পেয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

চলতি বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ, জিপিএ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। সে হিসেবে এবার পাশের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে।

করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। সব বোর্ড মিলিয়ে এ বছর ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী মাধ্যমিকে অংশ নেয়।

এবার সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি নৈর্বচনিক বিষয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে পরীক্ষা না নিয়ে আগের পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে পরীক্ষার্থীদের।

শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানান, এবার তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা নেয়া হলেও অন্যান্য বিষয়গুলোতে জেএসসি ও জেডিসি ফলাফলের ভিত্তিতে ফলাফল দেয়া হয়েছে।