মাধ্যমিকে সবাই ফেলের স্কুল কমে ১৮
এসএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ৫ হাজার ৪৯৪টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, কোনো শিক্ষার্থী পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৮টি।
গত বছর এ পরীক্ষায় ৩ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল, ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
এই হিসেবে শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান এবার গতবারের তুলনায় ২ হাজার ৪৭১টি বেড়েছে, সব পরীক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৮৬টি।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করেন।
পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফলাফলের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সামনে আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
সংবাদ সম্মেলনে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে একজনও পাস করতে না পারার কারণ খুঁজে বের করে প্রতিকারের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, “আমরা আসলে এই ১৮টি প্রতিষ্ঠান কোনগুলো, সেগুলো আমাদের একটু দেখতে হবে। আমাদের এমনি যে ধারণা, অনেক জায়গায় অর্থনৈতিক নানান কারণ থাকে, নানান কিছু থাকে। হয়ত প্রতিষ্ঠানের অবস্থাও একেবারে ভালো নয় বা কিছু।
” যে কারণই থাকুক, সেই কারণগুলো খুঁজে বের করে দূর করার চেষ্টা করব।”
অনেক দিন ধরেই এ বিষয়ে নজর দেওয়া হচ্ছে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, “এমন শিক্ষা প্রতিষ্ঠান কেন থাকবে, যেখানে একজন শিক্ষার্থীও পাস করতে পারবে না?
”আমাদের জন্য একদিক থেকে এটা খুবই স্বস্তিকর, ১০৪টি থেকে এই সংখ্যাটি ১৮তে নেমে এসেছে। কিন্তু… ১৮টিই বা কেন হবে? আমরা চাই, এই রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানই থাকবে না, যেখানে একজনও পাস করবে না।”
মাধ্যমিক স্তরের এই সমাপনী পরীক্ষায় এবার ৯৩ দশমিক ৫৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।
