২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল পেরোনোর আনন্দ, ‘যুদ্ধজয়ের’ উদযাপন

জিপিএ-৫ নামের সোনার হরিণের স্পর্শ পেয়ে উচ্ছ্বসিত সদ্য স্কুলের গণ্ডি পেরিয়ে আসা শিক্ষার্থীরা; মহামারীর সঙ্কট পেরিয়ে তাদের কষ্টে অর্জিত এই ফলাফলে গর্বের হাসি ফুটেছে অভিভাবকদের মুখেও।

রাসেল সরকার

মেহেরুন নাহার মেঘলা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2021, 10:36 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। তার পরপরই রাজধানীর শিক্ষার্থীরা স্কুলে ছুটে যায় তাদের অর্জনের মুহূর্তটি সহপাঠী আর শিক্ষকদের সঙ্গে ভাগ করে নিতে। অভিভাবকরাও শামিল হন তাদের উদযাপনে।

অবশ্য কোভিড পরিস্থিতি বিবেচনায় রাজধানীর অধিকাংশ স্কুলেই শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম। সীমিত পরিসরে হলেও থেমে থাকেনি তাদের উদযাপন।

বরাবরের মত এবারও এসএসসির ফলাফলের দিন আনন্দে মেতেছিল রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের পরীক্ষার্থীরা।

জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত আসফিয়া রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললো, “আমরা যারা একসাথে ছিলাম, সবাই জিপিএ ৫ পেয়েছি। এই অনুভূতি অন্যরকম। সবাই একসাথে স্কুলে এসেছি, সেইজন্য আরও ভালো লাগছে।”

দেশে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে হয়ে এলেও কোভিড পরিস্থিতিতে এবার নয় মাস পিছিয়ে ১৪ নভেম্বর এ পরীক্ষা শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দশম শ্রেণিতে মাত্র চার মাস সরাসরি ক্লাস করার সুযোগ পায় এবারের পরীক্ষার্থীরা।

ঘরবন্দি সেই কঠিন সময়ের কথা তুলে ধরে আসফিয়া বললো, “করোনাভাইরাসের কারণে আমাদের পড়ালেখায় বড় একটা ঘাটতি ছিল। বাসায় থেকে অনেকেই পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিল। এর মধ্যেই আমাদের সিলেবাস দেওয়ার পর পড়াশোনাটা হয়েছে।

“পরীক্ষা হওয়ায় আমরা আমাদের মেধার প্রমাণ দিতে পেরেছি। এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়েও যে আমরা এত ভালো রেজাল্ট করেছি, ভবিষ্যতে এটি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

Image
এসএসসির ফল প্রকাশের পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশে ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

এসএসসির ফল প্রকাশের পর ‘ভি’ চিহ্ন দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশে ঢাকার আইডিয়াল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। ছবি: কাজী সালাহউদ্দিন রাজু

জিপিএ-৫ পাওয়া আরেক শিক্ষার্থী এলিনা আফরিন বললো, এই ফলাফল তার পুরো স্কুলজীবনের প্রতিফলন।

“তাই আনন্দটাও ভিন্নরকম। ফলাফলে আমরা খুবই খুশি। পরীক্ষার আগে যে আমরা অ্যাসাইনমেন্ট করেছি, সেটি আমাদের খুব উপকার করেছে। এতদিন পড়ালেখা থেকে দূরে থাকার পর এই অ্যাসাইনমেন্টগুলোর কারণেই আমরা আবার পড়ালেখায় ফিরে যেতে পেরেছি এবং রেজাল্টও এই কারণেই ভালো হয়েছে।”

ভিকারুননিসা নূন স্কুল থেকে এ বছর এক হাজার ৯৬৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসার ফরম ফিলআপ করেছিল। তাদের মধ্যে পাঁচজন পরীক্ষা দেয়নি। বাকিদের মধ্যে এক হাজার ৬৩৩ জন পেয়েছে জিপিএ ৫।

অধ্যক্ষ কামরুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “করোনাভাইরাস মহামারীর কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে অনেকটা দূরে সরে গিয়েছিল। তবু আমাদের বাচ্চারা নিয়মিত অনলাইনে ক্লাস করেছে। আমাদের স্কুলে অনলাইন ক্লাস খুব ভালোভাবে হয়েছে। এরপর যখন স্কুল খুলল, আমাদের শিক্ষার্থীরা অনেক আনন্দ নিয়ে স্কুলে উপস্থিত হয়েছে।”

গতবছরের এসএসসি পরীক্ষা হয়ে গিয়েছিল মহামারী শুরুর আগেই। কিন্তু এবার বার বার উদ্যোগ নিয়েও পরীক্ষার সিদ্ধান্ত পেছাতে হয়েছে। শেষ পর্যন্ত ফেব্রুয়ারির পরীক্ষা হয়েছে বছরের শেষে এসে।

কামরুন নাহার বলেন, “সরকারের পক্ষ থেকে এবার এসএসসি পরীক্ষা নেওয়ার উদ্যোগটিতে আমি খুবই সন্তুষ্ট। আমি শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি। তারাও পরীক্ষা দিতে পেরে খুশি। তারা বলেছে প্রশ্নও ভালো ছিল। আমাদের মেয়েরা পড়াশোনার ব্যাপারে সবসময়ই সচেতন ছিল। তাই তারা তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।”

অভিভাবকদের ভূমিকায় সন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, “আমি বাচ্চাদের এই সাফল্যের জন্য অভিভাবকদের ধন্যবাদ জানাই। তারা সবসময় বাচ্চাদেরকে আমাদের সাথে সমন্বয় করে লেখাপড়ার মধ্যে রেখেছেন।”

যারা জিপিএ ৫ পায়নি, তাদের যে মন খারাপ করার কিছু নেই, সে বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “তারাও কোনো অংশে খারাপ না। অনেকদিন পর তারা পরীক্ষায় বসেছে। এ কারণে তারা নিজেরাও অনেকটা ভয়ে ছিল। পরীক্ষার সময়ে লিখতে গিয়ে তাদের হাত কেঁপেছে। তারা যে পড়াশোনা করেছিল, সেইভাবে পরীক্ষার খাতায় লিখতে পারেনি। অনভ্যাসের কারণেই হয়ত এমনটা হয়েছে। তারা যেন কোনোভাবে মন খারাপ না করে ভবিষ্যতের জন্য সামনে এগিয়ে যায়।”

Image
ড্রামের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা, বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এসএসসির ফলাফল প্রকাশের পর এমন আনন্দঘন সময় পার করতে দেখা যায় তাদের। ছবি: মাহমুদ জামান অভি

ড্রামের সঙ্গে তাল মিলিয়ে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা, বৃহস্পতিবার ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এসএসসির ফলাফল প্রকাশের পর এমন আনন্দঘন সময় পার করতে দেখা যায় তাদের। ছবি: মাহমুদ জামান অভি

শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও আনন্দের কমতি ছিল না। সন্তানদের আনন্দে একে অপরকে আলিঙ্গন করতেও দেখা গেছে। সন্তানদের সাফল্যে তাদের চোখেমুখে ছিল যুদ্ধজয়ের ছাপ।

এ স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পাওয়া আরেক শিক্ষার্থীর মা নাজনীন হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “অটোপাস সিস্টেম চালু না রেখে বাচ্চাদের পরীক্ষা নেওয়া হয়েছে, এটাই আমাদের জন্য অনেক। আমরা চেয়েছিলাম বাচ্চারা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে খুশি উপভোগ করবে। সেটাই হয়েছে।”

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, তার বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছে দুই হাজার ৬০৮ জন। পাসের হার ৯৯ দশমিক ৩৫ শতাংশ। এক হাজার ৯৬৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ১৭ জন। ছয়জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

“কিছু শিক্ষার্থীর পরিবার করোনাভাইরাস মহামারীর মধ্যে বাড়ি চলে গেছে এবং বিভিন্ন কারণে কিছু শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। কিছু শিক্ষার্থী এক বিষয়ে উপস্থিত থেকে অন্য বিষয়ে পরীক্ষা দেয়নি। সে কারণে পাসের হার কিছুটা কম এসেছে।”

এ স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ধ্রুব হৃদরাজ। দুপুরে স্কুলের মাঠে সহপাঠীদের সাথে আনন্দ ভাগ করে নিচ্ছিল সে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ধ্রুব বললো, “আমরা দুই বছর পড়াশোনা থেকে দূরে ছিলাম। পরীক্ষা পদ্ধতিও এবার অন্যান্য সময়ের মত ছিল না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে শর্ট সিলেবাসে আমরা পরীক্ষা দিয়েছি। দুই মাসের মধ্যে আমরা যে প্রস্তুতি নিতে পেরেছি, সেটি সম্ভব হয়েছে আমাদের শিক্ষকদের জন্যই। সেজন্য আমরা ভালোভাবে পরীক্ষায় বসতে পেরেছি। করোনাভাইরাসের মধ্যে আমরা যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছি এবং আমাদের ফলাফলও ভালো হয়েছে।”

Image
বিজ্ঞান বিভাগে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন মায়শা মনজুর। স্কুলে এসে বৃহস্পতিবার মায়ের সঙ্গে উচ্ছ্বসিত এই শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

বিজ্ঞান বিভাগে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন মায়শা মনজুর। স্কুলে এসে বৃহস্পতিবার মায়ের সঙ্গে উচ্ছ্বসিত এই শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি

এ স্কুলের আরেক শিক্ষার্থী সাফায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জিপিএ ৫ পেয়েছি। এখন সামনের পরিকল্পনা হবে ভালো কোনো কলেজে চান্স পাওয়া। ভবিষ্যতে আমার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ব।”

সাফায়েত মনে করেন, পরীক্ষা হওয়ায় তারা তাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ দিতে পেরেছে। পরীক্ষা না হলে সেটি সম্ভব হত না।

তার মা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “বাচ্চারা অনেক পরিশ্রম করেছে। ওদের সাথে সাথে শিক্ষকরাও অনেক পরিশ্রম করেছেন। আমরা সবাই আশাবাদী ছিলাম তাদের রেজাল্ট ভালো হবে। রেজাল্ট ভালো হয়েছে, এটাই আমাদের আজকের আনন্দ।”

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে খুশি উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তারেক নাসিফ। বাসায় অনলাইনে ফলাফল জানলেও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দুপুরে স্কুলে এসেছিল সে।

নাসিফ জানাল, মহামারীর কঠিন সময়ে পরীক্ষা দিয়ে ফলাফল নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কেটেছে তার সময়। 

Image
সন্তানেরা এসএসসিতে ভালো ফলাফল করেছেন, আনন্দঘন সময় পার করছেন তারা; সেই সময়কে ক্যামেরায় বন্দি করে রাখছেন একজন অভিভাবক । ছবি: মাহমুদ জামান অভি

সন্তানেরা এসএসসিতে ভালো ফলাফল করেছেন, আনন্দঘন সময় পার করছেন তারা; সেই সময়কে ক্যামেরায় বন্দি করে রাখছেন একজন অভিভাবক । ছবি: মাহমুদ জামান অভি

“রেজাল্ট পেয়ে চাপমুক্ত হলাম। অনেক আনন্দ লাগছে। বন্ধুদের সঙ্গে আনন্দ করতে স্কুলে চলে আসলাম। যদিও করোনার কারণে অনেকে আসেনি।”

একই বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া নওরীন বললো, “দশ বছরের সাধনার ফল পেয়েছি। এমন দিনে কি ঘরে বসে থাকা যায়? অনেক ভালো লাগছে। তবে নেচে-গেয়ে, মিষ্টি খেয়ে আনন্দ ভাগাভাগি করার সুযোগ ওভাবে হচ্ছে না আমাদের।” 

এবার উদয়ন থেকে ২১৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৬৭ জন।

অধ্যক্ষ জহুরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতবারের তুলনায় এবার রেজাল্ট ভালো হয়েছে। বিজ্ঞানে ৮৮ শতাংশ জিপিএ ৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষায় ৩৮ জনের মধ্যে ১২ জন জিপিএ ৫ পেয়েছে। 

“শিক্ষার্থীরা প্রতিবছর রেজাল্টের পর স্কুলে এসে আনন্দ করে। এবার সবাই ওভাবে আসেনি। তবে অনেকে আমাদেরকে ফোন করে তাদের রেজাল্টের কথা জানাচ্ছে।"