‘আমিই পারছি না, ঢাকার মানুষ কীভাবে ঘুমাচ্ছে’
রাত তিনটা-চারটার সময়ও নিষিদ্ধ হর্নের শব্দে ঘুমাতে না পারা পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিনের বিস্ময়, ‘ঢাকা নগরীর মানুষ ঘুমাচ্ছে কিভাবে’?
সোমবার ‘প্লাস্টিক ব্যবস্থাপনায় টেকসই কর্ম পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনে রাতে সবসময়ই বিকট শব্দের হর্নে অতিষ্ঠ মন্ত্রী তার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের যৌথ আয়োজনে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা দেখছি গাড়িতে বিনা কারণে হর্ন বাজায়। রাত্রে আমার নিজেরই ঘুম হয় না। তখন আমার মনে হয় আমি পরিবেশমন্ত্রী, আমিই ঘুমাতে পারতেছি না হর্নের শব্দে। তাহলে আমার ঢাকা সিটির মানুষ কীভাবে ঘুমাচ্ছে।”
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, “আমরা অকারণে গাড়িতে হর্ন বাজাই, মাইলের পর মাইল, তাও এমন হর্ন যেটা নিষিদ্ধ, ‘টেইটং টেটাইটং টং’।
“এ হর্নের কারণে আমি রাত ৩টা-৪টার সময়ও ঘুমাতে পারছি না। এগুলো আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে দায়িত্ব নিয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে এবং বাধ্য করতে হবে।”
এসময় নিজের দেশে আইন না মানলেও বিদেশে গেলে আইন মানার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিদেশে একটি কলার খোসা ফেলার জন্য আমাকে ২২ কিলোমিটার যেতে হয়েছিল। এরপর ওই বিনে গিয়ে কলার খোসা ফেলতে হয়েছে। কিন্তু আমরা দেশে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দিচ্ছি।
“আমরা আইন মানি না। আইন মানতে বাধ্য করা হলেই আমরা আইন মানি।“
পরিবেশমন্ত্রী দেশের পরিবেশ রক্ষায় প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো এবং পুনর্ব্যবহার করে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের শহরাঞ্চলে বার্ষিক মাথাপিছু প্লাস্টিক ব্যবহার ২০০৫ সালে তিন কেজি থেকে ২০২০ সালে তিনগুণ বেড়ে ৯ কেজি হয়েছে। ঢাকার বার্ষিক মাথাপিছু প্লাস্টিকের ব্যবহার ২৪ কেজি, যা জাতীয় গড় থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।
মহামারী প্লাস্টিক দূষণকে আরও খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। বিশেষ করে ব্যবহৃত মাস্ক, গ্লাভস ও ব্যক্তিগত সুরক্ষামূলক প্লাস্টিক সরঞ্জাম থেকে দূষণ বাড়ছে। প্লাস্টিক বর্জ্যের একটি বড় অংশ জলাশয় ও নদীতে ফেলা হয়। এভাবে প্লাস্টিক সব জায়গায় দূষণের কারণ হয়ে উঠছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এফবিসিসিআই সভাপতি মো. জসীম উদ্দিন বলেন, বর্তমানে দেশে বছরে মাথাপিছু প্লাস্টিক পণ্য ব্যবহার ৭ থেকে ৮ কেজি হয়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ উন্নত দেশগুলোতে তা ১০০ কেজি ছাড়িয়ে গেছে। কিন্তু তারা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ রক্ষা করতে পারছে।
বাংলাদেশেও যথাযথ নীতিমালা করে এর যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “প্রাণ-আরএফএল ও ইউনিলিভারের মতো ব্যবসা প্রতিষ্ঠানকে প্লাস্টিক পণ্যের পুর্নব্যবহারে উৎসাহিত করতে হবে।“
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেন, টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনার জন্য জাতীয় কর্মপরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্লাস্টিক বর্জ্য উত্পাদন ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে৷
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদুত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, “বিশ্ব এখন প্লাস্টিক ছাড়া কল্পনা করা যাচ্ছে না। কিন্তু এরমধ্যে ক্ষতিকর এ পণ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পরিবেশ ঠিক রাখতে হবে।“
ব্যবহৃত প্লাস্টিক পণ্য সংগ্রহের জন্য প্রণোদনার প্রস্তাব করে এ বিষয়ে বাংলাদেশকে নরওয়ে কারিগরি সহায়তা দিতে পারে বলে তিনি জানান।
স্বাগত বক্তব্যে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি ড্যান্ডেন চেন বলেন, “দ্রুত নগরায়নের ফলে প্লাস্টিকের ব্যবহার ও দূষণে তীব্রতার মুখে পড়েছে বাংলাদেশ। কোভিড ১৯ মহামারী প্লাস্টিক বর্জ্যের সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে।”
টেকসই প্লাস্টিক ব্যবস্থাপনায় পণ্য ডিজাইন করা থেকে শুরু করে, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনা, পুনর্ব্যবহার আগামীতে বাংলাদেশের পরিবেশ রক্ষায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে ‘টেকসই উন্নয়নে প্লাস্টিক ব্যবস্থাপনায় বহুমাত্রিক কর্মপরিকল্পনা’ শীর্ষক একটি বই উম্মোচন করা হয়।
