২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুমোদিতরা ছাড়া ভিআইপি হর্ন ও ফ্ল্যাগ স্ট্যান্ড নয়’

অনুমোদিত ব্যক্তিরা ছাড়া কেউ যাতে গাড়িতে ভিআইপি হর্ন ও ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করতে সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2015, 12:30 AM

Updated : 22 Aug 2022, 11:29 AM

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ষষ্ঠ বৈঠকে আইন অমান্য করে রাস্তায় যানবাহন চলাচল এবং ভিআইপি হর্ন ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

কমিটির সদস্য গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ বলেন, “অনুমোদিতরা ছাড়া কেউ যেন গাড়িতে ভিআইপি হর্ন ও ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার করতে না পারেন- এ বিষয়ে ব্যবস্থা নিতে কমিটিতে সুপারিশ করা হয়েছে।”

বৈঠকে রংপুর মেট্টোপলিটন পুলিশ গঠন ও যানবাহন সমস্যা, বরিশাল মেট্টোপলিটন পুলিশের চাহিদার বিপরীতে জনবল স্বল্পতা নিরসন ও মাদকের ভয়াবহতা রোধে সর্বাধিক প্রচার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও অবৈধভাবে সংসদ সদস্যেদের স্টিকার ব্যবহারকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে স্থায়ী কমিটি।

কমিটি দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও নাশকতা রোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্ম তৎপরতা বাড়ানোরও পরামর্শ দিয়েছে।

বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মানুষের জান মালের নিরাপত্তা দিতে সংশ্লিষ্ট বাহিনীকে কাজ করতে সুপারিশ করা হয়েছে।”

‍কমিটির সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, “দেশের বিভিন্ন স্থানে ভোর বেলায় গুটি কয়েক লোক গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়ানো, বোমা মারার মতো সন্ত্রাসী কাজ করছে।  গণমাধ্যমে এদের ভিডিও ফুটেজ ও ছবি দেখানোর পরেও কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

“তাই কমিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে প্রয়োজনে গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে সন্ত্রাসী চিহিৃত করে ব্যবস্থা নেওয়ার।”

 বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম, কামরুন নাহার চৌধুরী ও পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক উপস্থিত ছিলেন।