২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুটারের ‘ট্যাঁ ট্যাঁ’ শব্দে ঝালাপালা কান

চোখে একটু ঘুম জড়িয়ে এলেই কান ঝালাপালা হয়ে যেত উচ্চ শব্দের হর্ন কিংবা সাইরেনে। তিন বছর ধরে নিজের বাসায় এমন উৎপাতের মধ্যে কাটিয়ে দিলেও অতিথি এলে তাদের কাটাতে হয় নির্ঘুম রাত।

গোলাম মর্তুজা অন্তু গোলাম মর্তুজা অন্তু

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 12:14 AM

Updated : 10 Oct 2022, 06:28 PM

রাজধানীর কল্যাণপুরের প্রধান সড়কের কাছে বাসায় ওঠার প্রথম দিনগুলোর কথা স্মরণ করে প্রকৌশলী আসাদুল ইসলাম বলেন, “এখন অবশ্য অভ্যাস হয়ে গেছে। তবে গ্রাম থেকে কেউ এলে ঠিকমতো ঘুমাতে পারেন না।”

ঢাকার অনেক সরকারি কর্মকর্তা নিজেদের ব্যক্তিগত গাড়িতে ‘ভিআইপি হর্ন’ বা উচ্চ শব্দের হুটার বা সাইরেন লাগিয়ে দূষণ আরও বাড়াচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

এই ‘ভিআইপি হর্ন’ এর উৎপাত বন্ধ করতে বিভিন্ন সময়ে উদ্যোগ নেওয়া হলেও রাজধানীর বড় রাস্তা থেকে শুরু করে অলি-গলিতেও দেখা গেছে এসব হর্নের যথেচ্ছ ব্যবহার। এটা ‘অনুমোদনহীন’ বললেও এর বিরুদ্ধে পুলিশের কোনো ব্যবস্থাও দেখা যায় না। 

গত সপ্তাহে আগারগাঁও চৌরাস্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় কর্মরত একজন পুলিশ সার্জেন্টের সঙ্গে।

তিনি বলেন, “আগারগাঁও এলাকায় অনেকগুলো সরকারি কার্যালয়। এসব কার্যালয়ের জিপগাড়ি, পিকআপ, মাইক্রোবাস, সেডান কারগুলোতেও ভিআইপি হর্ন ব্যবহার করা হয়।

“কর্মকর্তারা ব্যক্তিগত গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগান, ব্যবহার করেন ভিআইপি হর্ন। এটা এখন আর অনিয়ম নেই।”

রাস্তার মোড়ে ওই পুলিশ কর্মকর্তা ভিআইপি হর্ন লাগানো একটি ব্যক্তিগত গাড়ি থামালে চালক জানান, এর মালিক উপ সচিব পদমর্যাদার কর্মকর্তা। বর্তমানে পরিবেশ অধিদপ্তরে কাজ করছেন।

গুলশান বিভাগের একজন সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) বলেন, “এমনিতে ব্যক্তিগত গাড়িতে ভিআইপি হর্ন পেয়ে থাকলে মোটা অঙ্কের জরিমানা করা হয়। কিন্তু গোল বাঁধাচ্ছে সরকারি কর্মকর্তাদের গাড়িগুলো।

“সম্প্রতি সরকার উপসচিব পদ মর্যাদার কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য ঋণ সুবিধা দেওয়া হয়। এরপর ওই ঋণের টাকায় কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ি কিনে তাতে ভিআইপি হর্ন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের দেখাদেখি আবার অন্য গাড়ির মালিকরাও ভিআইপি হর্ন লাগাচ্ছেন।

“জরুরি সেবা ছাড়া সাধারণের গাড়িতে এসব হর্নের ব্যবহার সম্পূর্ণ অবৈধ হলেও কিছু করার থাকছে না।”

‘ভিআইপি হর্ন’ বা ‘হুটার’ কী?

হুটার হচ্ছে ইলেকট্রিক হর্ন, যা মোটর পার্টসের দোকানগুলোতে মান অনুযায়ী তিনশ থেকে দুই হাজার টাকার মধ্যে পাওয়া যায়। ঢাকার মহাখালী, বিজয়নগর, ধোলাইখাল, বাংলাবাজারসহ সব বাজারেই যা খোলামেলা বিক্রি হয়। বিভিন্ন অনলাইন শপিংসহ সাইটসহ ফেসবুক ভিত্তিক বিক্রেতারাও এই হর্ন বিজ্ঞাপন দিয়েই বিক্রি করছেন। সাধারণ মেকানিকরাই এগুলো গাড়িতে লাগিয়ে দিতে পারেন।

শ্যামলী এলাকায় ব্যক্তিগত গাড়ির চালক মো. রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন সম্প্রতি তিনি চারশ টাকা দিয়ে একটি ‘ভিআইপি হর্ন’ কিনে গাড়িতে লাগিয়েছেন। রানা বলেন, “রাস্তায় এখন সবাই এগুলো লাগায়। লোকজন এখন আর গাড়ির হর্নের শব্দ পাত্তা দেন না। অলি-গলিতে, বাজার এলাকায় বা হাইওয়েতে খুব কাজে লাগে।”

সম্প্রতি এক অনুষ্ঠানে গভীর রাতেও উচ্চ শব্দের হুটার বা সাইরেনের অহেতুক ব্যবহারে অতিষ্ঠ হওয়ার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেছিলেন, “ধানমণ্ডির যে বাসায় থাকি, সরকারি বাসা সেখানে রাত আড়াইটার সময় শুনি ট্যাঁ ট্যাঁ শব্দ। একটা অ্যাম্বুলেন্স বোধ হয় যাচ্ছে।

“অথচ রাস্তা ফাঁকা, কোনো পথচারী নেই। তবুও সে সাইরেন বাজিয়েই চলেছে। আমাদের ঘুম ভাঙাল, পথচারী বা অন্য যারা রয়েছে কারও প্রতি ন্যূনতম ভ্রূক্ষেপ নেই।”

Image
হুটার

হুটার

২০১৫ সালের ১৩ জানুয়ারি ঢাকার ‘ভিআইপি হর্নের’ ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

এর ছয় বছর পরও ব্যক্তিগত গাড়ি, জিপ, পিকআপ, মাইক্রোবাসের মতো ছোটগাড়িগুলোতে ব্যবহার হচ্ছে ‘ভিআইপি হর্ন’। ঢাকার বিভিন্ন রাস্তায় উচ্চ শব্দের হুটার বা সাইরেন বাজিয়ে চলছে এসব যান।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রচলিত ট্রাফিক আইন অনুযায়ী সাধারণ গাড়িতে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার নিষিদ্ধ। কাউকে এ ধরনের হর্ন ব্যবহার করতে দেখলে ট্রাফিক সার্জেন্টরা মামলা দেন। এটা চলমান প্রক্রিয়া।”

এ সম্পর্কিত খবর

‘হাইড্রোলিক হর্ন যন্ত্রণা দিচ্ছে, চালকদের বেপরোয়া করছে’

‘অনুমোদিতরা ছাড়া ভিআইপি হর্ন ও ফ্ল্যাগ স্ট্যান্ড নয়’