Published : 19 Dec 2021, 08:30 PM
কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন বলে উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
মামলায় গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে নিজের ভোগ-দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় এ মামলায় অভিযোগ আনা হয়েছে।
গত বছরের ২ নভেম্বর গিয়াস উদ্দিনকে সম্পদ বিবরণী দাখিল করতে নোটিস দেয় দুদক। পরে ২৩ ডিসেম্বর প্রতিনিধির মাধ্যমে তিনি কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন।
সম্পদ বিবরণী অনুযায়ী তার নামে ১৫ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭৭৯ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩১৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ২০ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
এই সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে তার নামে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার ‘অবৈধ সম্পদ’ পাওয়া যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন আশির দশকে জাতীয় পার্টি করতেন। ৯০ এর দশকে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
২০০১ সালে মনোনয়ন চেয়ে না পেয়ে আওয়ামী লীগ ছাড়েন। এরপর তিনি যোগ দেন বিএনপিতে। সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয় নিয়ে জয়ী হয়ছিলেন।