Published : 15 Dec 2021, 08:43 PM
বুধবার কমিশনের এক সভায় তার বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গিয়াস উদ্দিনের বিরুদ্ধে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে নিজের ভোগ-দখলে রাখার অভিযোগ ‘প্রাথমিকভাবে প্রমাণিত’ হয়েছে।
তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় অভিযোগ এনে মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিগগিরই এই মামলা দায়ের করা হবে।”
আরিফ সাদেক জানান, গত বছর ২ নভেম্বর সম্পদ বিবরণী দাখিল করতে গিয়াস উদ্দিনকে নোটিস দেয় দুদক। পরে ২৩ ডিসেম্বর প্রতিনিধির মাধ্যমে কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেন।
সম্পদ বিবরণী অনুযায়ী তার নামে ১৫ কোটি ৭ লাখ ১৫ হাজার ৭৭৯ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩১৮ টাকার অস্থাবর সম্পদসহ মোট ২০ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৯৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।
এই সম্পদ বিবরণী যাচাই-বাছাই করে তার নামে এক কোটি ৪১ লাখ ৮৬ হাজার ৯৩১ টাকার ‘অবৈধ সম্পদ’ পাওয়া যায় বলে দুদক কর্মকর্তা আরিফ সাদেক জানান।
রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দিন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে তিনি এক সময় দলের সংসদ সদস্য ছিলেন।
আশির দশকে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় গিয়াস উদ্দিন ৯০ এর দশকে আওয়ামী লীগে যোগ দেন। পরে ২০০১ সালে মনোনয়ন চেয়ে না পেয়ে আওয়ামী লীগ ছাড়েন। এরপর তিনি যোগ দেন বিএনপিতে।
আরও পড়ুন: