‘ভবন থেকে ফেলে’ গৃহকর্মীকে হত্যা: স্ত্রীসহ পাউবোর প্রকৌশলী সবিবুর রিমান্ডে
ধানমন্ডির ৯/এ সড়কের একটি ভবন থেকে শিশু রিক্তা মণির লাশ উদ্ধার করে পুলিশ।
রাজধানীর ধানমন্ডির একটি ‘ভবন থেকে ফেলে’ রিক্তা মণি নামে এক শিশু গৃহকর্মী হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পাউবো) সবিবুর রহমান ও তার স্ত্রী ফারাহ নুসরাতকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শনিবার তাদের দুই দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।
প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার বলেন, তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এসআই শাহনেওয়াজ বাপ্পি আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবদেন করেন। শুনানি নিয়ে বিচারক আদেশ দেন।
শুক্রবার ভোর ৬টার দিকে ধানমন্ডির ৯/এ সড়কের একটি ভবন থেকে রিক্তা মণির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মো. শাহিন মামলা করেন।
রিক্তা মণির বাড়ি সুনামগঞ্জের সালনা থানায়। বাবা পেশায় দিনমজুর। চার বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।
