২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্দির পুনর্নির্মাণসহ ক্ষতিপূরণ দাবি হিন্দু মহাজোটের

কুমিল্লার ঘটনার জেরে ২৫ জেলায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলায় প্রায় ৩৮ কোটি টাকা ক্ষতির হিসাব দিয়ে মন্দির ও স্থাপনা পুনর্নির্মাণসহ ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2021, 08:23 PM

Updated : 02 Aug 2022, 06:32 PM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক ১৯ দিনের ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বলেন, “এই ঘটনা পরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি বলেন. গত ১৩ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২৫টি জেলায় আক্রমণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও বরিশালের বামনাকাঠিতে প্রতিমা ভাঙচুর হয়েছে।

ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে মহাসচিব বলেন, এই সময়ে ৩১টি মন্দির আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ২২৭টি পূজামণ্ডপে ভাঙচুর, ২৪১টি বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, ৭৪৭টি বাড়িতে হামলা এবং ৩১টি দোকান লুট করা হয়।

গোবিন্দ চন্দ্র বলেন, “এতে হিন্দু সম্প্রদায়ের পাঁচজন নিহত হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন পাঁচজন, আরও পাঁচজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ৪০০ জনের বেশি নারীকে লাঞ্ছিত করা হয়। সারাদেশে আহত হয়েছেন ৬১১ জন।”

 “এসব ঘটনায় সামাজিক মাধ্যমে প্রতিবাদ করতে গিয়ে ১৭ জন হিন্দু সম্প্রদায়ের লোককে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে। ১১ হাজার ৫০৭টি পরিবার নিরাপত্তাহীনতায় আছে। মোট ক্ষতি হয়েছে প্রায় ৩৮ কোটি টাকা।”

কুমিল্লায় ‘ধর্মকে ঢাল হিসেবে’ ব্যবহার করে হামলা ও ভাংচুর চালানো হয় মন্তব্য করে হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, “পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে দুষ্কৃতকারীরা এটাকে উপজীব্য করে একের পর এক ঘটনা ঘটিয়েই চলছে।”

দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে ‘কোরআন অবমাননার’ কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়।

এর জের ধরে চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, রংপুরসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটে।

গোবিন্দ চন্দ্র বলেন, হিন্দু সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব বরণ করে নিয়েছিল। কিন্তু দুর্গাপূজা চলার সময় বিভিন্ন জেলায় সাম্প্রদিক হামলার ঘটনায় ‘ভীতিকর’ অবস্থা তৈরি হয়।

“হিন্দু বাড়িঘরে ব্যাপক হামলা, ভাঙচুর, পূজামণ্ডপ ও প্রতিমা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মঠ-মন্দিরে হামলা, নির্যাতন, মহিলাদের শ্লীলতাহানী, ধর্ষণ, খুনসহ এক বিভিষীকাময় পরিবেশের সৃষ্টি হয়।”

এসব ঘটনায় নারায়ণঞ্জ, চট্টগ্রামসহ কয়েকটি জেলা কমিটি নিয়ে মহাজোটের কেন্দ্রীয় কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করাসহ কারো অবহেলা ছিল কি না তা উদঘাটনের চেষ্টা করেছে বলে জানান গোবিন্দ।

তিনি অভিযোগ করেন, কুমিল্লায় সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিসকে বার বার ফোন করে পূজামণ্ডপ রক্ষার আকুতি জানালেও ‘কেউ আসেনি’।

“এমনকি এসব ঘটনার সময় কোনো রাজনৈতিক ও সামাজিক নেতা এবং সুশীল সমাজের কেউ এগিয়ে আসেনি।”

সংবাদ সম্মেলনে সরকারের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে হিন্দু মহাজোট-

>> ক্ষতিগ্রস্ত সকল মন্দির, বাড়িঘর পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া।

>> সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

>> সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন পূর্ণ মন্ত্রী নিয়োগ দেওয়া।

বাংলাদেশে সাম্প্রদায়িক হামলার রেশ ধরে ভারতের ত্রিপুরা রাজ্যে মিছিল-মিটিং ও বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দাও জানানো হয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলনে।

সংগঠনের মহাসচিব বলেন, “দুঃখের বিষয় আমরা শুনেছি, সেখানেও প্রতিক্রিয়া দেখাতে গিয়ে মসজিদ ভাংচুর করা হয়েছে। তিনটি মসজিদ আগুনে ‍পুড়িয়ে দেওয়া হয়েছে। মুসলিমদের বাড়িঘর দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আমরা এ ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই।”

ত্রিপুরার হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা আমাদের ব্যথায় ব্যথিত, সেজন্য কৃতজ্ঞতা জানাই। কিন্তু প্রতিক্রিয়া দেখাতে গিয়ে সেখানে মুসলিমদের ওপর হামলা হয় সেটার তীব্র প্রতিক্রিয়া বাংলাদেশের হিন্দুদের ওপর পড়তে বাধ্য।”

ত্রিপুরার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব স্থানীয়দের মন্তব্য করে গোবিন্দ চন্দ্র বলেন, “আমরা আশা করি পৃথিবীর সব দেশের সংখ্যালঘু নাগরিক সম্মানের সাথে অধিকার নিয়ে বসবাসের সুযোগ পাক, সুরক্ষিত থাক।”

‘দুষ্ট রাজনীতির’ হাত থেকে হিন্দু সম্প্রদায়কে রক্ষা করতে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

অন্যদের মধ্যে জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্যসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

তিন দিনে ৭০ পূজামণ্ডপে হামলা: ঐক্য পরিষদ  

কুমিল্লায় পুলিশ সময়মতো আসেনি, অভিযোগ মন্দির কমিটির  

আবারও ফেইসবুক