মুনিয়া হত্যা মামলায় পিয়াসা রিমান্ড শেষে কারাগারে
কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে হত্যার অভিযোগে করা মামলায় মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।
মাদকের মামলায় গ্রেপ্তার পিয়াসাকে মুনিয়া হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৩ অক্টোবর দুই দিনের জন্য পিবিআই হেফাজতে পাঠিয়েছিল ঢাকার আদালত।
জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বৃহস্পতিবার আদালতে ফিরিয়ে নিয়ে আসেন।
পিয়াসাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা, অন্যদিকে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন।
শুনানি শেষে মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আদালত পুলিশের কর্মকর্তা এসআই স্বপন কুমার মণ্ডল জানিয়েছেন।
গত ৬ সেপ্টেম্বর মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, তার বাবা, মা ও স্ত্রীসহ আটজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। আদালত তখন পিবিআইকে অভিযোগ তদন্তের নির্দেশ দেয়।
পিয়াসাকে গত ১ অগাস্ট বারিধারার বাসা থেকে মদ, ইয়াবাসহ গ্রেপ্তারের কথা জানিয়েছিল গোয়েন্দা পুলিশ। গুলশান, ভাটারা ও খিলক্ষেত থানার মাদকের তিন মামলায় তাকে কয়েকদফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। আর ভাটারা থানার মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে সিআইডি।
পিয়াসা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের সাবেক স্ত্রী। সাফাতের বিরুদ্ধে রেইনট্রি হোটেল ধর্ষণের অভিযোগে মামলা রয়েছে, যার রায় হবে ১২ অক্টোবর।
