দুর্গাপূজায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা
করোনাভাইরাস মহামারীর মধ্যে সারাদেশে দুর্গাপূজা উদযাপনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পূজা মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছে ধর্ম মন্ত্রণালয়।
বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কুদ্দুছ আলী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মাস্ক পরা, হাত ধোয়াসহ বেশি কিছু নিয়ম মনে করিয়ে দেওয়া হয়েছে সবাইকে।
বুধবার মহালয়ার পর আগামী ১১ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু কবে এবারের শারদীয় দুর্গোৎসবের। ১৫ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের।
নির্দেশনায় যা রয়েছে
>> পূজা উদযাপনের সময় পুরোহিত বা ঠাকুর এবং উপস্থিত পূজারিদের সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে।
>> যেসব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, প্রবেশ পথে সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
>> প্রয়োজনে প্রবেশ পথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে।
>> ঢাকার রামকৃষ্ণ মিশন মন্দির, ঢাকাশ্বেরী মন্দির, জয়কালী মন্দির, রমনা কালী মন্দিরসহ বড় বড় মন্দিরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনা করতে হবে।
>> সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা বির্সজনের ব্যবস্থা করতে হবে।
>> সকল ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা, মাঙ্গলিক কার্যাদি এবং প্রতিমা বিসর্জনসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিপালন করতে হবে।
>> মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে আজান ও নামাজের সময় পূজার কাজে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখার অনুরোধ এবং উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।
এসব নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী আইনগত ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ার করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং পূজামণ্ডপ পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
আরো পড়ুন:
