২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সত্তরোর্ধ্বদের পূজা মণ্ডপে না যাওয়ার অনুরোধ

করোনাভাইরাস মহামারীর মধ্যে এবারের দুর্গোৎসবে সত্তরোর্ধ্বদের পূজামণ্ডপে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2021, 11:43 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

সেই সঙ্গে যারা যারা এক ডোজ টিকাও নেননি কিংবা যারা পঞ্চাশোর্ধ্ব তাদেরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার বিকালে ডিএমপি সদরদপ্তরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এই পরামর্শ দেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হলে অসুস্থ ও প্রবীণদের মৃত্যুর ঝূঁকি বেড়ে যায়। বাংলাদেশে যে ২৭ হাজার মানুষ কোভিড রোগে মারা গেছে, তার ৫৫ শতাংশের বয়সই ৬০ বছরের বেশি।

ডিএমপি কমিশনার পূজামণ্ডপগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিয়ে বলেন, “মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেবেন না।”

স্বাস্থ্যবিধি মেনে যেন পূজামণ্ডপে ঢোকা যায়, সেই ব্যবস্থা করার পরামর্শও দেন তিনি।
দুর্গাপূজায় মণ্ডপগুলোতে নিরাপত্তার বন্দোবস্তেুর বিষয়ে শফিকুল বলেন, ঢাকা মহানগর এলাকায় প্রতিমা তৈরি শুরু করে বিসর্জন পর্যন্ত কার কী দায়িত্ব তার নির্দেশনা ইতোমধ্যে ডিএমপির সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের দেওয়া হয়েছে।

>> প্রতিমা তৈরির সময়, পূজা চলাকালীন ও বিসর্জনের সময় মোবাইল পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হবে।

>> ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাভিত্তিক পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবেন।

>> পূজা মণ্ডপ ও আশেপাশে পকেটমার, ছিনতাই ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের টহল থাকবে।

>> দুর্গাপূজার এই সময়টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করা হবে।

মণ্ডপে সিসি ক্যামেরা (রাত্রিকালীন ছবি ধারণ ক্ষমতা সম্পন্ন), ফায়ার এক্সটিংগুইশার স্থাপন এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে স্থাপন করতে পূজা আয়োজনকে বলেছেন ডিএমপি কমিশনার।

সমন্বয় সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আগামী ১১ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে ১৫ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।