২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকা: সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ

ফাইজারের কোভিড টিকা দিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবাসীরা বিক্ষোভ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2021, 09:56 PM

Updated : 10 Oct 2022, 06:06 PM

বুধবার রাজধানীর এই কেন্দ্রে আনা ফাইজারের টিকা শেষ হয়ে গেলে বিদেশগামী কর্মীরা বিক্ষোভ শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বুঝিয়ে মর্ডানা টিকা দেওয়া কথা জানালে পরিস্থিতি শান্ত হয়।

হাসপাতালের পরিচালক খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বুধবার ৫৭০ প্রবাসীকে ফাইজারের টিকা দেওয়ার পর শেষ হয়ে যায়। এরপরে আমরা মর্ডানার টিকা দেওয়া শুরু করলে অপেক্ষায় থাকা প্রবাসীরা বিক্ষোভ শুরু করে।"

তাদের বিক্ষোভের কারণে কলাপসিবল গেট লাগিয়ে দেওয়া হলে তারা ধাক্কাধাক্কি করলে পুলিশ আসে বলে জানান তিনি।

"পরে তাদের বোঝানো হয়, এই টিকা নিলেও তাদের বিদেশ যেতে কোনো সমস্যা নেই। তারা এক পর্যায়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় যোগাযোগ করে নিশ্চিত হয় চারটির যে কোনো একটি টিকা তারা নিতে পারবেন," বলেন খলিলুর রহমান।

যখন তারা জানতে পারেন ফাইজার, মডার্না, জনসন ও অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের দেশের বাইরে যেতে বাধা নেই তখন তারা শান্ত হন এবং সারিবদ্ধ ভাবে নয়শতাধিক প্রবাসী মর্ডানা টিকা গ্রহণ করেন বলে তিনি উল্লেখ করেন।

তিন বলেন, "সব মিলে আজ একহাজার পাঁচশত প্রবাসী টিকা গ্রহণ করেছেন।"

Image
রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে বুধবার করোনাভাইরাসের টিকা নিতে মানুষের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) কেন্দ্রে বুধবার করোনাভাইরাসের টিকা নিতে মানুষের ভিড়। ছবি: আসিফ মাহমুদ অভি

এই হাসপাতালে ফাইজারের টিকা যে পরিমাণ দেওয়া হয়েছে সে পরিমাণ টিকার দ্বিতীয় ডোজ সংরক্ষিত আছে বলেও জানান পরিচালক।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ফাইজারের টিকা আছে, দেওয়া হচ্ছে না এটা নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল, যা থেকে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।"

এখন থেকে মর্ডানার টিকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবারও দেওয়া হবে। প্রবাসী ও সাধারণ মানুষ এই টিকা নিতে পারবেন বলে জানান হাসপাতালের পরিচালক।

এদিকে হাসপাতালে বিক্ষোভের বিষয়ে পুলিশ আসার কথা বলা হলেও শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আল মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "বিক্ষোভের বিষয়ে কেউ তাদের জানায়নি। আমরা বিষয়টি জানি না।"

প্রবাসীদের টিকা দিতে সরকার সৌদি আরব ও কুয়েতগামী কর্মী এবং অন্যান্য দেশের কর্মী- উপশ্রেণিতে বিভক্ত করেছে।

কুয়েত ও সৌদিগামী কর্মীরা টিকা নিতে পারবেন ঢাকার সাতটি কেন্দ্র থেকে। বাকিরা দেশের সব টিকা কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন।

সৌদি ও কুয়েত প্রবাসীদের জন্য টিকা কেন্দ্রের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রয়েছে।

আরও পড়ুন

ফাইজারের টিকা নিতে প্রবাসীদের ভোগান্তি  

বিদেশগামী কর্মীদের টিকার চূড়ান্ত নিবন্ধন শুরু  

কোভিড: বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা টিকার নিবন্ধন করতে পারবেন  

দুই মাসের বেশি সময় পর ফের শুরু টিকাদান