প্রতিবেশ পুনরুদ্ধারের অঙ্গীকারে এবার বিশ্ব পরিবেশ দিবস
বিশ্বজুড়ে ভারসাম্য হারানো ‘প্রতিবেশ পুনরুদ্ধারের’ অঙ্গীকার জানিয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ বছর পালিত হবে বিশ্ব পরিবেশ দিবস।
‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন শনিবার বিশ্বব্যাপী পালিত হবে এ দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
টেকসই উন্নয়নের জন্য সব পর্যায়ে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেছেন, “মানবসভ্যতার অস্তিত্বরক্ষায় প্রতিবেশ-সংরক্ষণ এবং অবক্ষয়িত পরিবেশ পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই।”
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় উল্লেখ করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথাও তুলে ধরেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, “সরকার জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ প্রতিবেশগুলোকে সংরক্ষিত এলাকা ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সেগুলোর প্রতিবেশ ও জীববৈচিত্র্য ব্যবস্থাপনায় উন্নয়নকার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।”
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে সবুজ পৃথিবী গড়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন “করোনাভাইরাসের কারণে মানবজাতি ও অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও প্রকৃতি যেন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। সারাবিশ্ব একসঙ্গে ‘লকডাউন’ হওয়ায় পরিবেশ দূষণ কমেছে, পৃথিবী একটি গাঢ় সবুজ গ্রহে পরিণত হয়েছে।
“এই মহামারী থেকে শিক্ষা নিয়ে মানুষ একটি সবুজ-পৃথিবী সৃষ্টিতেই মনোনিবেশ করবে বলে আমার বিশ্বাস।”
বগুড়ার শেরপুরে গাছের ডালে এক সিঁদুরে সহেলি, খুঁজে আনা খড়কুটো দিয়ে বানাবে সে বাসা। ছবি: মোস্তাফিজুর রহমান
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা বলেন, ১৯৯৬-২০০১ মেয়াদে জলবায়ু-পরিবর্তনের চ্যালেঞ্জ-মোকাবিলায় সহিষ্ণু জাত উদ্ভাবনের জন্য গবেষণায় প্রথমবারের মতো বরাদ্দ দিয়েছিল।
২০০৯ সালে নিজস্ব সম্পদ থেকে ৪৫০ মিলিয়ন ডলারের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড গঠনের কথাও তিনি মনে করিয়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা জাতীয় অভিযোজন পরিকল্পনা তৈরি করছি। জলবায়ুর-পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি কমিয়ে টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে ‘বাংলাদেশ-ব-দ্বীপ পরিকল্পনা- ২১০০’ বাস্তবায়ন করছি।”
জাতীয় বৃক্ষরোপণ অভিযান
শনিবার বিশ্ব পরিবেশ দিবসের সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সোনালু, জাম, আমড়া ও ডুমুর গাছে চারটি চারা রোপণ করে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করবেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান- ২০২১ উদযাপন করা হবে।
বিশ্ব পরিবেশ দিবসে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের মাধ্যমে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সেইসঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও সড়কে ব্যানার, ফেস্টুন স্থাপন করে পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনের সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব জিয়াউল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
