ঢাকা-সিরাজগঞ্জে উপ নির্বাচন শেষে ফল ঘোষণার প্রস্তুতি
দুই আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন ও মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ দুই আসনে ইভিএমে ভোটগ্রহণ হয়। ভোট ঘিরে ঢাকায় নির্বাচনী এলাকা ও আশপাশের এলাকায় কিছুটা উত্তাপ থাকলেও সিরাজগঞ্জ ছিল নিরুত্তাপ।
ঢাকা-১৮ উপ নির্বাচনের পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। একটি কেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। রাজধানীতে অন্তত সাতটি স্থানে বাসে আগুন দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে কেন্দ্র দল ও এজেন্ট বের করে দেওয়ার বিষয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ ‘অসত্য’ বলে মন্তব্য করেছেন।
তবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ভোটকেন্দ্রে বিরোধী দলীয় প্রার্থীর এজেন্ট না দেখায় নির্বাচনী ব্যবস্থাপনার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ উপ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন বলেন, “এখানে ভালোভাবে ভোট শেষ হয়েছে। প্রার্থীদের কোনো অভিযোগ ছিল না। যত দ্রুত সম্ভব ভোটের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। ইভিএমে ভোট হওয়ায় তুলনামুলক কম সময়ে ভোটের ফল ঘোষণা সম্ভব হবে।”
এবারের উপ নির্বাচনে ভোট পড়ার হারও তুলনামুলকভাবে বাড়বে বলে আশা নির্বাচন কমিশনের। ভোটার বাড়াতে এবার দুই নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি।
এর আগে ইভিএমের ভোটে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ৫.২৮%, ঢাকা-৫ আসনে ১০.৪৩% এবং নওগাঁ-৬ আসনে ৩৬.৪৯% ভোট পড়ে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সে সময় কম ভোটার উপস্থিতির দায় দলগুলোকে দিয়েছিলেন।
ঢাকা-১৮
# ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত এ আসন সাংসদ সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয়।
# ভোটার: ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন
# ভোটকেন্দ্র ২১৭, ভোটকক্ষ ১৩৫৩টি
# ছয় প্রার্থী: আওয়ামী লীগের মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এসএম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মবিবুল্লাহ বাহার।
সিরাজগঞ্জ-১
# কাজীপুর উপজেলা ও সদর উপজেলার মেছড়া, রতনকান্দি, বাগবাটি, ছোনাগাছা ও বহুলী ইউনিয়ন নিয়ে গঠিত এ আসন সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হয়।
# ভোটার ৩ লাখ ৪৫ হাজার ৬০৩ জন
# ভোটকেন্দ্রে- ১৬৮, ভোটকক্ষ ৮২৪টি
# প্রার্থী: এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় এবং বিএনপির সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বিএনপির অভিযোগ
ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ নির্বাচনে ভোটকেন্দ্র ‘দখল’, ধানের শীষের এজেন্টদের ‘বের করে দেওয়া’ এবং সাধারণ ভোটারদের কেন্দ্র ‘ঢুকতে না দেওয়ার’ অভিযোগ করেছে বিএনপি।
দলটির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি বলেন, “ভোট শুরু হওয়ার আধা ঘণ্টার মধ্যে ঢাকা-১৮ আসনের ২০৩টি ভোট কেন্দ্র দখলে নিয়ে বিএনপির এজেন্টদেরকে মারধর করে নিয়োগপত্র ছিঁড়ে কেন্দ্র থেকে বের করে দেয়। কিছুক্ষণ আগে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, সকল ভোট কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ-১ আসনেও একই অবস্থা।”
ঢাকা উপ নির্বাচনে বিএনপির অভিযোগের সত্যতা আছে বলে ‘মনে করেন না’ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন বলেন, “৪৯ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, ঢুকতে দেয়নি (বলে অভিযোগ)। রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের মাধ্যমে খোঁজ নিয়েছি- অভিযোগ ভিত্তিহীন। তাদের (এজেন্ট) যায়নি। বিএনপির কোনো এজেন্ট প্রিসাইডিং অফিসারের কাছে রিপোর্ট করেনি।”
ক্ষমতাসীন দলের প্রার্থী একটি কেন্দ্রও ‘দখল করেননি, দখলের পাঁয়তারা করেননি’ বলেও মন্তব্য করেন সিইসি
অন্যদিকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, “আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আমি ঢাকা-১৮ নির্বাচনি এলাকার উপ-নির্বাচনে নিকুঞ্জ, খিলক্ষেত ও উত্তরার ১৪টি কেন্দ্রের ৭০টি বুথ পরিদর্শন করি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমার ধারণা হয়েছে বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে এই নির্বাচন আরও নিচে নেমে গেছে। “
এ নির্বাচন ‘মোটেই অংশগ্রহণমূলক হয়নি’ মন্তব্য করেছেন বিভিন্ন সময়ে কমিশনের সঙ্গে দ্বৈরথে চলা এই নির্বাচন কমিশনার।
