'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' নিবন্ধনের সময় বাড়ল
করোনাভাইরাস মহামারীর বিষয়টি বিবেচনা করে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' নিবন্ধনের সময় ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ৫ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সময় থাকলেও তরুণদের সুবিধার কথা বিবেচনায় এনে এই সময় বাড়ানো হয়েছে বলে এর আয়োজক ইয়াং বাংলা জানিয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর চতুর্থবারের মতো 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' প্রদানের কথা জানায় ইয়াং বাংলা।
তরুণদের সর্ববৃহৎ এই প্লাটফর্মের সেক্রেটারিয়েট ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)’ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশ গঠনে তরুণ প্রজন্মের সৃজনশীল উদ্যোগগুলোকে স্বাগত জানাতে চতুর্থবারের মতো দেওয়া হবে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।
এবার ৩০ সংগঠন ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।
যাদের বয়স ১৮-৩৫ এর মধ্যে এবং তাদের সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিবর্গের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদকবিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবেলায় জরুরি কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবেলার মতো কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বা এনে থাকে, তারা আবেদন করতে পারবেন।
১০টি বিভাগে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্ট, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরো বেশ কিছু বিভাগ রয়েছে।
১৫ অক্টোবরের পর বিশেষভাবে শীর্ষ আবেদনকারীদের বাছাই করা হবে। পরবর্তীতে এই বাছাইকৃত সংগঠনগুলোর কাজ ও সমাজে তার প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বাছাই করা হবে।
‘ভিশন ২০২১’-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।
প্রায় ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩ লাখ।
