২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের চতুর্থ আসরের নিবন্ধন চলছে

যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, চতুর্থবারের মত তাদের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ দিতে যাচ্ছে আওয়ামী লীগের গবেষণা উইং সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2020, 08:43 PM

Updated : 18 Aug 2022, 03:49 PM

আগামী অক্টোবরের মধ্যে ৩০টি সংগঠন ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দিতে ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে বলে সিআরআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআরআই বলেছে, “কোভিড-১৯ মহামারীতে দেশের সাধারণ মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তরুণ প্রজন্ম। লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টায় অর্থ সংগ্রহ করে মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া, সুরক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া এবং সচেতনতা কার্যক্রম দেশজুড়ে চালিয়ে গেছে তরুণদের শতশত সংগঠন।

“আর দেশের প্রতি তরুণদের এই দায়বদ্ধতা ও দায়িত্ব পালনে নেওয়া উদ্যোগগুলোকে স্বাগত জানাতে চতুর্থবারের মতো ফিরে এল 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড'। চলতি বছরের অক্টোবরে তরুণদের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলার আয়োজনে এবারও পুরস্কৃত করা হবে দেশ গঠনে এগিয়ে যাওয়া তরুণ সংগঠনগুলোকে।”

সিআরআই জানিয়েছে, এ পুরস্কারের জন্য ২৫ সেপ্টেম্বর শুরু হওয়া অনলাইনে নিবন্ধন চলবে ৫ অক্টোবর পর্যন্ত। ইয়াং বাংলার ওয়েবসাইটে (http://jbya.youngbangla.org) এ পুরস্কারের জন্য আবেদনের করা যাবে। সেখানেই মিলবে বিস্তারিত তথ্য।

সাংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের সংগঠন, যে সংগঠন নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, যুব উন্নয়ন, অতি দরিদ্র মানুষের ক্ষমতায়ন, মাদকবিরোধী সচেতনতা অভিযান, কোভিড-১৯ মোকাবেলায় জরুরি কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য বা গ্রিন এনার্জির ব্যবহার, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতা, সংস্কৃতি উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলার মত কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছে বা এনে থাকে, তারা ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের’ জন্য আবেদন করতে পারবেন।

এই পুরস্কার দেওয়া হবে ১০টি বিভাগে। এর মধ্যে দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্ধী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধুলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য কমানোসহ আরও বেশ কিছু বিভাগ রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জমা পড়া আবেদনগুলো ৫ অক্টোবরের পর বাছাই করা হবে। পরে বাছাই করা সংগঠনগুলোর কাজ ও সমাজে তার প্রভাব দেখার জন্য মাঠ পর্যায়ে পর্যবেক্ষণে যাবে ইয়াং বাংলা টিম। সেখান থেকে শীর্ষ ৩০ সংগঠনকে বেছে নেওয়া হবে।

সিআরআই বলছে, ভিশন ২০২১-কে লক্ষ্যে রেখে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে উত্থাপন করার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা। প্রায় ৫০ হাজারের বেশি সেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এই সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৩ লাখ।