টিউশন ফি: ডিপিএস-এসটিএসের আবেদনের শুনানি নিয়মিত বেঞ্চে
টিউশন ফির কারণে উত্তরার ডিপিএস-এসটিএস স্কুলের কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাস থেকে বাদ না দিতে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তা স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত।
হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে ডিপিএস-এসটিএস স্কুল কর্তৃপক্ষের আবেদনটির ওপর বুধবার শুনানির পর আগামী ১৬ অগাস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন বিচারপতি মো. নূরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত।
চেম্বার আদালতে স্কুল কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহবুবে আলম। রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন ও আইনজীবী মো.ওমর ফারুক।
টিউশন ফির কারণে ডিপিএস-এসটিএস স্কুলের কোনো শিক্ষার্থীকে অনলাইন ক্লাস থেকে বাদ না দিতে আদেশ দিয়েছিল হাই কোর্ট।
স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের শুনানি করে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ গত ১৫ জুলাই এ আদেশ দিয়েছিল।
এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি ৫০ শাতাংশ কমানো এবং টিউশন ফি নির্ধারণের বিদ্যমান কাঠামো পুনর্গঠন করতে গত ৫ জুলাই রিট আবেদনকারী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমি ও উচ্চশিক্ষা বিভাগে যে আবেদন করেছিলেন, সেটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছিল আদালত।
হাই কোর্টের এই আদেশটি স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে ডিপিএস-এসটিএস কর্তৃপক্ষ।
আইনজীবী মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টোফার ডটকমকে বলেন, “আদালত ডিপিএস-এসটিএস স্কুলের আবেদনে সাড়া দেয়নি। গতকাল এবং আজ শুনানির পর আদালত আবেদনটি আগামী ১৬ অগাস্ট নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। এর মধ্যে তাদের নিয়মিত লিভ টু আপিল ফাইল করতে বলেছেন।”
করোনাভাইরাস মহামারীর মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিউশন ফি কমানোর জন্য অভিভাবকরা দাবি জানিয়ে আসছিলেন। আন্দোলনও করেছেন অভিভাবকরা।
এর মধ্যে ডিপিএস-এসটিএস স্কুলে টিউশন ফি পরিশোধে অভিভাবকদের উপর অনৈতিক চাপ, শিক্ষার্থীদের স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি ও মহামারীর সময়কালে টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়ে এক শিক্ষার্থীর অভিভাবক কামরুজ্জামান কামরুল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আবেদন করেন।
কিন্তু সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো সাড়া না পাওয়ায় মহাপরিচালকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ১২ জুলাই হাই কোর্টে রিট করেন তিনি।
