২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবুল চিশতীর বিরুদ্ধে দুদকে আরেক মামলার অনুমোদন

ফারমার্স ব্যাংকের (বর্তমান পদ্মা ব্যাংক) প্রায় ৬৩ কোটি টাকা আত্মাসৎ ও পাচারের অভিযোগে ব্যাংকটির অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ছয় জনকে আসামি করে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2020, 05:27 PM

Updated : 18 Aug 2022, 03:29 PM

সোমবার কমিশনের এক সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “কমিশনের ঢাকা সমন্বিত জেলা কার্যাল-১ এ শিগগিরই এ মামলাটি দায়ের করা হবে।”

বাবুল চিশতীর ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক চিশতী, ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখা প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, বগুড়ার আল-ফারুক ব্যাগস লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী আল ফারুক, ব্যবস্থাপনা পরিচালক রেদওয়ানুল কবির চৌধুরী, তার স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক নিম্মি কবির চৌধুরীকেও মামলায় আসামি করা হচ্ছে।

প্রনব বলেন, এই ছয়জন পরস্পর যোগসাজশে ঋণের নামে ফারমার্স ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪০ কোটি ৭৯ লাখ ২১ টাকা আত্মসাৎ ও পাচারের করেছেন বলে মামলায় অভিযোগ করা হচ্ছে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদ ও আসলে ওই টাকার পরিমাণ দাঁড়ায় ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা।

দণ্ডবিধির ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং ২০১২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনের ৪ ধারায় এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তা প্রনব।

অবৈধ সুবিধা নিয়ে ভুয়া দলিলপত্রের মাধ্যমে নামে-বেনামে ঋণ বিতরণসহ বিভিন্নভাবে ফারমার্স ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইতোমধ্যে বাবুল চিশতী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয়টি মামলা করেছে দুদক।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাবুল চিশতী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা একটি মামলা হয়। এসব মামলার তদন্তের স্বার্থে বাবুল ও পরিবারের সদস্যদের ১৩৫ কোটি টাকার সম্পত্তি জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

পুরনো খবর:

১৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার দেখানো হল বাবুল চিশতীকে
বাবুল চিশতীর শ্যালককে ধরল দুদক
ফারমার্স ব্যাংকের বাবুল চিশতী গ্রেপ্তারের পর রিমান্ডে