২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩৫ কোটি টাকার অবৈধ সম্পদের মামলায় গ্রেপ্তার দেখানো হল বাবুল চিশতীকে

১৩৫ কোটি ৪৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হল ফারমার্স ব্যাংক (পদ্মা ব্যাংক) কেলেঙ্কারির হোতাদের একজন মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীকে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 05:33 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এ আদালতের পেশকার ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৫ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল মামলাগুলোতে পদ্মা ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

ওই দিন বিচারক আসামির উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য ৮ মার্চ দিন রাখেন। রোববার বাবুল চিশতীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত বছর ১৫ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মোহাম্মদ ফয়সাল বাদী হয়ে বাবুল চিশতী ও তার পরিবারের চার সদস্যের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করেন। ৫ মামলায়ই আসামি বাবুল চিশতী। অপর আসামিরা হলেন- বাবুল চিশতীর স্ত্রী মোছা. রোজি চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ছেলের স্ত্রী ফারহানা আহমেদ ও তার মেয়ে রিমি চিশতী।

মামলার এজাহারে বলা হয়, দুদকের অনুসন্ধানে বাবুল চিশতীর নামে ২৮ কোটি ৫৫ লাখ ৬১ হাজার ৫৯০ টাকার অবৈধ সম্পদ, স্ত্রী মোছা. রোজি চিশতীর নামে ৩৭ কোটি ৩৮ লাখ টাকার সম্পদ, ছেলে রাশেদুল হক চিশতীর নামে ৩২ কোটি ৬৮ লাখ টাকা, ছেলের বউ ফারহানা আহমেদের নামে ১৩ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ এবং মেয়ের নামে ২১ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার অবৈধ সম্পদ সম্পদের প্রমাণ পাওয়া গেছে।