৭ ঘণ্টা পর গ্যাস পেল মিরপুর-মোহাম্মদপুরবাসী
প্রায় সাত ঘণ্টা পর গ্যাস পেয়েছেন মিরপুর, মোহাম্মদপুরসহ রাজধানীর পশ্চিমাংশের বাসিন্দারা।
লাইনে আগুন ধরে যাওয়ায় শুক্রবার সকাল থেকে মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি আংশিক, শ্যামলী, কল্যাণপুরে গ্যাস বন্ধ করে দেয় বিতরণ সংস্থা তিতাস।
কোম্পানির জনসংযোগ কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পশ্চিম শেওড়াপাড়া এলাকায় ওয়াসার পানির লাইনের কাজের সময় গ্যাসের লাইন ফেটে আগুন ধরে যায়। গ্যাস লাইনে আগুন লাগার পর তা আর নেভানো যাচ্ছিল না। তাই আগুন নেভাতে গাবতলী ডিআরএস বন্ধ করতে হয়।ফলে ওই সব এলাকায় গ্যাস বন্ধ হয়ে যায়।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী আল মামুন বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক ঘণ্টার চেষ্টার পর দুপুর নাগাদ লিকেজ হওয়া লাইন মেরামত করা গেছে। দুপুর ১টার পর থেকে ধীরে ধীরে গ্রাহক লাইনে গ্যাস ছেড়ে দেওয়া হয়েছে।
পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দা আসিফ মাহমুদ জানান, সকালে রোকেয়া সরণি থেকে ৬০ ফিট আসার একটি সড়কে (আলিমউদ্দিন সড়ক) সংস্কার কাজ করতে গিয়ে লাইনে আগুন ধরে যায়। এর কিছুক্ষণ পর ওই এলাকার গ্যাস চলে যায়। দুপুর ১টার কিছু সময় পর গ্যাস ফিরে আসে। তবে কিছু কিছু এলাকায় গ্যাস আসতে দুপুর আড়াইটা বেজে যায়।
