মহামারীকালেও সহিংসতার শিকার নারী ও শিশু: মহিলা পরিষদ
করোনাভাইরাসের মহামারীর মধ্যেও সহিংসতার শিকার হচ্ছে নারী ও শিশু; ঘটছে ধর্ষণের ঘটনাও।
মার্চ, এপ্রিল ও মে মাসে ১৪টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে বাংলাদেশ মহিলা পরিষদ জানিয়েছে, এই তিন মাসে দেশে ৪৮০ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন ২৮০ জন।
দুই মাসের বেশি সময় লকডাউনে ঘরবন্দি থাকার দিনে মানুষের সহিংস আচরণের প্রভাব নারী ও শিশুদের উপরই বেশি পড়ছে বলে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।
বুধবার মহিলা পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে সহিংসতার শিকার হওয়া ৪৮০ জনের মধ্যে ২৬৭ জন নারী ও ২১৩ জন শিশু। আর ধর্ষণের শিকার হয়েছেন ১১৬ জন শিশু ও ৯০ জন নারী।
মাস |
| সহিংসতা |
|
| ধর্ষণ |
|
| ভিকটিম (জন) | নারী | শিশু | ভিকটিম (জন) | নারী | শিশু |
মার্চ | ২৪৩ | ১৩৯ | ১০৪ | ৮১ | ৩৮ | ৪৩ |
এপ্রিল | ১২২ | ৫৮ | ৬৪ | ৬৮ | ২৩ | ৪৫ |
মে | ১১৫ | ৭০ | ৪৫ | ৫৭ | ২৯ | ২৮ |
এছাড়া মার্চ মাসে ধর্ষণের পর একজনকে এবং যৌতুকের কারণে একজনকে হত্যা করা হয়েছে। এপ্রিলে ধর্ষণের পর একজন, যৌতুকের জন্য দুই জন হত্যার শিকার হয়েছেন। মে মাসে ধর্ষণের পর ছয় জন ও যৌতুকের কারণে পাঁচ জনকে হত্যা করা হয়েছে। এছাড়া ধর্ষণের পর আত্নহত্যা করেছেন একজন।
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অর্থনৈতিক টানাপড়ন, সমাজ থেকে বিচ্ছিন্ন অনিশ্চিত পরিস্থিতিতে হতাশা ও অস্থিরতা বোধ করায় পরিবারের সদস্যদের মধ্যে সহিংস আচরণের ঘটনা ঘটছে।
“প্রান্তিক হওয়ার কারণে নারী ও শিশুর উপর এর নেতিবাচক প্রভাব পড়ছে সবচেয়ে বেশি। নারী ও কন্যা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। ধর্ষণ, শিশু ধর্ষণ, বাল্যবিবাহ, বৈবাহিক ধর্ষণ, বিবাহ-বিচ্ছেদ, পাচারের ঘটনা ঘটছে।”
কোভিড-১৯ মহামারী পরিস্থিতেতে সহিংসতার শিকার হওয়া মানুষের সহায়তা পাওয়ার সুযোগও কমে এসেছে বলে জানিয়েছে মহিলা পরিষদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “নারী ও কন্যার প্রতি যে সমস্ত সহিংসতার ঘটনা অধিকতর সংবেদনশীল, সেই ঘটনাগুলোই গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। করোনা সংকটকালে সহিংসতার শিকার নারী ও কন্যাদের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি সেবা সংস্থার কাছ থেকে সহায়তা প্রাপ্তির সুযোগও সীমিত হওয়ায় এবং গণমাধ্যম কর্মীদেরও সীমাবদ্ধতার কারণে আমরা মনে করি প্রকৃত তথ্য গণমাধ্যমে পাওয়া যাচ্ছে না।”
