২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিডিও কনফারেন্সে ‘ফুল কোর্ট’ সভায় বিচারপতিরা

দুই দফায় সিদ্ধান্ত পরিবর্তনের পর করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা ভিডিও কনফারেন্সে সভা করে আদালতের কার্যক্রম ৫ মে পর্যন্তই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 08:19 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

দেশে এটাই প্রথম ভিডিও কনফারেন্সে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভা বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অবরুদ্ধ অবস্থার মধ্যে আদালতের কাজ স্বল্প পরিসরে চালুর সিদ্ধান্ত নিয়ে আবার তা বাতিলের পর রোববার সভায় বসেন সর্বোচ্চ আদালতের বিচারপতিরা, যাতে সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সভার সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ মেসেজে পাঠান সর্বোচ্চ আদালতের মুখপাত্র সাইফুর।

তিনি লিখেছেন, “বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সভাপতিত্বে দেশের ইতিহাসে এই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুল কোর্ট সভা হয়েছে।

“সভায় আগামী ৫ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য আইনগত প্রতিবন্ধকতা দুর করতে পদক্ষেপ নিতেও সিদ্ধান্ত হয়েছে।”

নিম্ন আদালতও ৫ মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ ভার্চুয়াল সভায় সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের ৮৮ জন বিচারপতি অংশ নেন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার গত ২৪ মার্চ সাধারণ ছুটির মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়ালে গত ১ এপ্রিল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ৫ মে পর্যন্ত দেশের সব আদালতে ছুটির সিদ্ধান্ত দেন।

কিন্তু গত বৃহস্পতিবার সীমিত পরিসরে আদালত চালুর সিদ্ধান্ত আসে প্রধান বিচারপতির কাছ থেকে।

তাতে গুরুত্বপূর্ণ মামলার শুনানির জন্য ছুটির মধ্যে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত ও একজন বিচারক দিয়ে হাই কোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছিল। পাশাপাশি নিম্ন আদালত সপ্তাহে দুদিন খোলার কথা বলা হয়েছিল।

কিন্তু শনিবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধের সিদ্ধান্তই বহাল রাখার কথা জানানো হয়। তার একদিন পরেই বসে সুপ্রিম কোর্টের ‘ফুল কোর্ট’।  

স্বল্প পরিসরে আদালত চালুর উদ্যোগ  

স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবি

সিদ্ধান্ত পরিবর্তন, খুলছে না আদালত  

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত পরিচালনার বিষয়ে বিচারক, আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে এই সভায়।

প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের ‘স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মস’ কমিটিকে।

প্রধান বিচারপতিকে সময় সময় এ প্রশিক্ষণের অগ্রগতি জানাতে বলা হয়েছে বলে জানান সাইফুর রহমান।