স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবি
করোনাভাইরাসের মহামারীর মধ্যে স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সাধারণ আইনজীবী অধিকার সংরক্ষণ পরিষদ।
শনিবার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘স্বল্প পরিসরে আদালত খোলার সিদ্ধান্ত বাতিলের দাবি’ ব্যানারে প্রধান বিচারপতির কাছে আগামী রোববার সকাল ১১টায় স্মারকলিপি দেওয়া হবে।
স্বাস্থ্যবিধি মেনে স্মারকলিপি দেওয়ার সময় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে আইনজীবীরা উপস্থিত হওয়ার সম্মতি প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে।
দীর্ঘদিন আদালতের কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থী, বন্দি ও আসামিরা জেলহাজতে মানবেতর জীবনযাপন করছে; এছাড়াও আইন পেশা স্থবির হয়ে পড়ায় আদালত আংশিকভাবে খুলে দিতে প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন আইনজীবীরা।
তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত দুটি আলাদা নোটিসে সীমিত আকারে আদালত চালুর সিদ্ধান্ত জানানো হয়।
