দুদকে জিজ্ঞাসাবাদে রাজীব
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশেনের ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে চার দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ঢাকার সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে রোববার সকাল ১১টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন।
পরে রাজীবকে কমিশনের পাশে রমনা থানার হাজতখানায় রাখা হয়। সোমবারও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক কর্মকর্তারা জানিয়েছেন।
সকালে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর নেতৃত্বে একটি দল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একটি সাদা মাইক্রোবাসে করে কাউন্সিলর রাজীবকে দুদকে আনে।
রাজীবের আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২৬ কোটি ১৬ লাখ ৩৬ হাজার টাকার সম্পদ পাওয়ার অভিযোগে গত ৬ নভেম্বর একটি মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
এরপর দুদকের এক আবেদনের শুনানি শেষে গত ২ জানুয়ারি ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ রাজীবের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ অক্টোবর ‘সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের’ অভিযোগে সুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে রাজীবকে গ্রেপ্তার করে র্যাব।
এর পর তাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরে তার বাসা ও অফিসে রাতভর অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মদ উদ্ধার করে র্যাব।
যুবলীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন রাজীব। তাকে গ্রেপ্তারের পর পর দল থেকেও বহিষ্কার করা হয়।
রাজীবের যত সম্পদ
রাজীবের বিরুদ্ধে দুদকের মামলার এজাহারে বলা হয়, তার অবৈধ সম্পত্তির মধ্যে ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ১ নম্বর রোডের ৩৩ নম্বর প্লটে একটি দুই তলা ডুপ্লেক্স বাড়ি রয়েছে। মোহাম্মপুরের কাটাসুর ৩ নং রোডে রাজীবের একটি প্লট রয়েছে।
তারেকুজ্জামান রাজীব
সিলিকন হাউজিংয়ের শেয়ার হোল্ডার এবং শ্যামলাপুর ওয়ের্ষ্টার্ণ সিটি লিমিটেডের পরিচালক রাজীবের নামে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কে ছয় কাঠা জমি রয়েছে।
এজাহারে বলা হয়, রাজীবের চাচা ইয়াছিন হাওলাদার রাজমিস্ত্রি ছিলেন এবং এর বাইরে তার আয়ের কোনো উৎস ছিল না, যদিও তিনি বর্তমানে নিজেকে ঠিকাদার হিসেবে পরিচয় দেন।
রাজীব নিজের নামে-বেনামে এবং তার চাচা ইয়াছিন হাওলাদার ও অন্যের নামে ১১ কোটি ৯০ লাখ টাকার স্থাবর সম্পদ অর্জন করে নিজ দখলে রেখে ভাড়াসহ অন্যান্য সুবিধা গ্রহণ করছেন বলে মামলায় অভিযোগ করা হয়।
এতে আরও বলা হয়, এ সমস্ত সম্পদ তার আয়কর নথিতে উল্লেখ করেননি এবং আয়ের কোনো বৈধ উৎস নেই।
