ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস
রাজধানীতে সন্ধ্যাবেলায় সড়কের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষিত হওয়ার পর থেকে ক্ষোভে ফুঁসছে ক্যাম্পাস।
সোমবার দিনভর বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা; তারা ক্যাম্পাসের পাশের শাহবাগ এবং ধর্ষণস্থল কুর্মিটোলায় সড়ক অবরোধেও নামে।
ধর্ষণকারীর শাস্তি দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদী কর্মসূচিতে সমর্থন আসে শিক্ষকদেরও কাছ থেকেও। উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান আশ্বাস দিয়েছেন, নির্যাতিত শিক্ষার্থীর ন্যায়বিচার পাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন।
ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে পরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় ওই তরুণীর বাবা একটি মামলা করেছেন। ধর্ষককে চিহ্নিত করা না গেলেও ধর্ষণস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি।
ধর্ষণকারী একজন ছিলেন বলে ওই তরুণীকে উদ্ধৃত করে তার স্বজনরা পুলিশকে জানিয়েছেন। পুলিশ শিগগিরই অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তারের আশা করছে।
রোববার সন্ধ্যার পর কুর্মিটোলা বাস স্টপেজের কাছে বিমানবন্দর সড়কের পাশের ফুটপাত থেকে তুলে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে।
বিশ্ববিদ্যালয়ে বাস ক্ষণিকায় ক্যাম্পাস থেকে উঠে এক বান্ধবীর বাড়ি যেতে কুর্মিটোলায় নেমেছিলেন ওই তরুণী। ধর্ষণের শিকার হওয়ার পর মধ্যরাতে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ধর্ষণের খবর পাওয়ার পর মধ্যরাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা, যা সোমবার সারাদিন অব্যাহত ছিল।
মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধসহ নানা কর্মসূচিতে শামিল হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।
রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের নেতৃত্বে কয়েকশ শিক্ষার্থী মিছিল করে ক্যাম্পাসে।
রাত সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা।
ভোরের দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন এক ছাত্র।
সোমবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা দলে দলে রাজু ভাস্কর্য এলাকায় জড়ো হতে শুরু করলে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সাড়ে ১০টায় সেখানে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ শুরু হয়। বিভিন্ন হলের ছাত্রলীগকর্মীরা ছাড়াও ডাকসু ও হল সংসদের নেতারাও তাতে যোগ দেন।
সমাবেশে রোকেয়া হল সংসদের জিএস সায়মা আক্তার প্রমি বলেন, “আমরা এর আগেও এখানে ধর্ষকের শাস্তির দাবিতে দাঁড়িয়েছিলাম। আজকেও দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, আমরা এই ধর্ষণের বিচার না পাওয়া পর্যন্ত এখানে অবস্থান করব।”
অপরাজেয় বাংলার পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতার্মীরা। সেখানে ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে নেতাকর্মীরা সরকারেরও সমালোচনা করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সেখানে বলেন, “গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মেধাবী ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এটা দেশের সামগ্রিক চিত্র। এ সরকারের আমলে ধর্ষণের শিকার কোনো নারী বিচার পায়নি।”
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সঙ্গে জোট বেঁধে বামধারার ছাত্র সংগঠনগুলোর গড়ে তোলা সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যর ব্যানারে কয়েকশ শিক্ষার্থী বেলা ১২টার পর ক্যাম্পাস থেকে মিছিল করে এসে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।
জাতীয় পতাকা, ব্যানার আর প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নিয়ে তারা স্লোগানে স্লোগানে ধর্ষণের প্রতিবাদ আর ধর্ষণকারীর বিচার চান। তাদের এই অবস্থানের কারণে শাহবাগ মোড় হয়ে কাঁটাবন, মৎস্য ভবন, বাংলামোটর ও টিএসসির দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শাহবাগের অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শেখ কান্তা রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রশাসনকে বলব, আপনারা আমাদের নিরাপত্তা দিতে পারছেন না, এখন বিচারটা করেন।"
ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, কোনো ধরনের ‘আইওয়াশমূলক’ কথা না বলে ধর্ষকের দ্রুত বিচার নিশ্চিত না করলে শিক্ষার্থীরা কোনোভাবেই ছেড়ে দেবে না।
ভিপি নূর বলেন, “এখন আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে, যখন কোনো ঘটনা ঘটে আপনার যদি ন্যায়বিচার নিশ্চিত করতে হয় তাহলে আপনাকে রাস্তায় নামতে হবে, শাহবাগ অবরোধ করতে হবে কিংবা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া কোনো ঘটনার বিচার হয় না।
শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীদের মানববন্ধনে ডাকসু ভিপি নুরুল হক নুর। ছবি: মাহমুদ জামান অভি
বিচারহীনতার কারণে বার বার এ ধরনের ঘটনা ঘটছে বলে দাবি করেন নূর। তা রুখতে সবাইকে সম্মিলিতভাবে আওয়াজ তোলার আহ্বান জানান তিনি।
বিকাল সাড়ে ৩টায় কুর্মিটোলায় গিয়ে রাস্তা অবরোধ করেন একদল শিক্ষার্থী। গাজীপুর রুটে চলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি বাসের শিক্ষার্থীরা ওই বিক্ষোভে যোগ দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় বিকাল সোয়া চারটার দিকে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধরা।
সন্ধ্যার পর ‘নিপীড়নবিরোধী পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচি পালন করে ডাকসু। এতে নেতৃত্ব দেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডাকসু ভবন থেকে মোমবাতি নিয়ে এই পদযাত্রা শুরু করে কেন্দ্রীয় গ্রন্থাগার, টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ডাকসুর আয়োজনে ক্যাম্পাসে মোমবাতি মিছিল। ছবি: মাহমুদ জামান অভি
সেখানে সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণকারীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত রাজু ভাস্কর্য থেকে রোকেয়া হল পর্যন্ত প্রতিবাদী আলপনা আঁকার কর্মসূচিও দেন সাদ্দাম।
সন্ধ্যায় বাম ছাত্রসংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্রজোটও মশাল মিছিল করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
ঢাকার পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বিক্ষোভ হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাবেশে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক খাইরুল হাসান জাহিন বলেন, “আজকে যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে ঘটেছে, সে ঘটনা আমাদের শিক্ষার্থীর সাথেও ঘটতে পারতো। আমাদের হল না থাকার কারণে নারী শিক্ষার্থীরা মেসে মানবেতর জীবনযাপন করেন। যেখানে তাদের কোনো নিরাপত্তা নেই।”
উপাচার্য-স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস
ধর্ষণের শিকার শিক্ষার্থীকে ন্যায়বিচার দিতে অভিভাবক হিসেবে যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
ওই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা মর্মাহত। আমরা বিশ্ববিদ্যালয় পরিবার ছাত্রীটির পাশে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় তার অভিভাবকত্ব গ্রহণ করেছে। তাকে মানসিকভাবে শক্ত ও সমর্থ করে তোলাই আমাদের প্রধান কাজ।
“ন্যায়বিচার পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যা প্রয়োজন তাই করা হবে। তাকে মনে রাখতে হবে সে আমাদের মেয়ে, আশা রাখি তার মনোবল শক্ত থাকবে।”
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক এক বিবৃতিতে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি নির্যাতিত শিক্ষার্থীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নেওয়া এক শিক্ষার্থী। ছবি: মাহমুদ জামান অভি
বিবৃতিতে বলা হয়, “শিক্ষক হিসেবে আমাদেরই সন্তানতুল্য একজন ছাত্রীর প্রতি এহেন পৈশাচিক উন্মত্ততায় আমরা গভীরভাবে মর্মাহত, বেদনাক্লিষ্ট ও ক্ষুব্ধ।
“ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য, বিচারের দীর্ঘসূত্রতা এবং কখনও কখনও সঠিক তদন্তের অভাবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণ-ব্যাধির বিস্তার ঘটে চলেছে। এখনই এসবের মূলোৎপাটনে রুখে দাঁড়াতে হবে, নতুবা এটি অধিকতর মহামারি আকার ধারণ করবে।”
ছাত্রী ধর্ষণ: দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি সাংবাদিকদের বলেন, “গতকালকের ঘটনার তদন্ত চলছে, সত্যতা যাচাই করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো সংস্থা ঘটনাটি তদন্ত করছে। আইনশৃঙ্খলা বাহিনী আগে অনেক বড় বড় ঘটনা তদন্ত করে বের করেছে। এ ঘটনায়ও দ্রুত সময়ের মধ্যে হবে এবং দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”
মামলা দায়ের-ঘটনাস্থল শনাক্ত
কুর্মিটোলা গলফ ক্লাবের প্রান্তে সড়কের পাশের জায়গাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। সন্ধ্যা রাতের আঁধারে সেখানেই ওই শিক্ষার্থীর উপর নির্যাতন চালানো হয়েছিল।
সোমবার ওই স্থান থেকে নির্যাতিত মেয়েটির ওড়না ও স্যান্ডেলসহ ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে বলে ডিএমপির গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন।
ডিসি সুদীপ কুমার বলেন, ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীর এক জোড়া স্যান্ডেল ও ওড়না, একটি ইনহেলার, ঘড়ি, ‘ক্লাসের নোটবুক’, চাবির রিং ও প্যান্টসহ বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।
কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনাস্থল থেকে সোমবার দুপুরে আলামত সংগ্রহ করে সিআইডি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়েটির গলা, হাত, গালসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।
“কিছু আঘাত হয়েছে ধর্ষণকারীর দ্বারা, আর কিছু হয়েছে ঘটনাস্থলের কারণে। জঙ্গলের কারণে তার পায়ে কিছু আঘাত হয়েছে। তার গলায় আমরা ধর্ষণকারীর হাতের চিহ্ন পেয়েছি। বোঝা গেছে যে ধর্ষণকারী তার গলা টিপে ধরেছিল। হাতেও একই ধরনের চিহ্ন আছে যেটা থেকে অনুমিত হচ্ছে যে তাকে জোর করে আঘাত করা হয়েছে। লাথি মারা হয়েছে, এরকম আঘাতের চিহ্নও পেয়েছি শরীরে।”
কুর্মিটোলায় যে স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষিত হন, বিমানবন্দর সড়কের পাশের সেই স্থানটি ঝোপঝাড়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে সন্ধ্যা থেকেই। সেখানে সড়কে বাতি থাকলেও তার অধিকাংশই জ্বলে না।
কুর্মিটোলা হাসপাতালের ফটক থেকে প্রায় তিনশ গজ উত্তরে আর্মি গলফ ক্লাবের ফটক পর্যন্ত এই পথে অন্ধকারের সুযোগ নিয়ে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হয়ে আসছে বলে স্থানীয়দের ভাষ্য।
রাতে ওই শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তির পর ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রোববার বিকালে ক্লাস শেষে বান্ধবীর বাসায় যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে করে কুর্মিটোলায় নামেন ওই তরুণী। উদ্দেশ্য ছিল রাতে বান্ধবীর বাসায় থেকে পরীক্ষার প্রস্তুতি নেওয়া।
“সন্ধ্যা ৭টার দিকে বাস থেকে নামার পরপরই অজ্ঞাত পরিচয় কোনো লোক তার মুখ চেপে ধরে এবং পাশের একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তিনি চেতনা হারান।”
রাত ১০টার দিকে চেতনা ফিরলে ওই শিক্ষার্থী তার বান্ধবীর বাসায় যান এবং তাকে পুরো ঘটনা বলেন। এরপর সহপাঠীরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের হলে এবং পরে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
ওই শিক্ষার্থীর বাবা সোমবার সকালে অজ্ঞাতপরিচয় একজনকে আসামি করে মামলা করেন বলে ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী শাহান হক জানিয়েছেন।
ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা এখনও অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও চেষ্টা অব্যাহত আছে।
