২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণ: প্রতিকার কোথায়

নারী নিপীড়নের ঘটনা রোধে ‘মূল্যবোধের অবক্ষয়’ রোধ এবং ‘বিচারহীনতার সংস্কৃতি’ থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন মানবাধিকারকর্মী, পেশাজীবী ও মনোরোগ বিশেষজ্ঞরা।

কাজী নাফিয়া রহমান

ও মেহেরুন নাহার মেঘলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 10:20 PM

Updated : 08 Apr 2022, 12:10 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন সবাই।

তারা বলছেন, জবাবদিহিতার অভাব এ ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। সবাইকে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হতে পারে এর প্রতিকারের উপায়।   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী রোববার সন্ধ্যায় তার বান্ধবীর বাসায় যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে শেওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কুর্মিটোলায় বাস থেকে নামার পরপরই তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যাওয়া হয়। বাস স্টপেজ থেকে মাত্র ৩০০ মিটার দূরত্বে রাস্তার পাশে ঝোপের মধ্যে তাকে ধর্ষণ করা হয়।  

ওই ঘটনার খবরে রাতেই ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সোমবারও দিনভর বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন করে ধর্ষকদের বিচারের দাবি জানায় বিভিন্ন সংগঠন।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, গতবছর সারা দেশে এক হাজার ৪১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যা আগের বছরের দ্বিগুণ।

দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমে সমাজ থেকে এ প্রবণতা কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

ধর্ষণকে সমাজের দেহে ক্যান্সারের মত ‘মারাত্মক একটি ব্যাধি’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “ক্যান্সারেরও তো চিকিৎসা আছে, তাহলে ধর্ষণের থাকবে না কেন? এ ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এটা মেনে নেওয়া যায় না।”

প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটে চললেও দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই সাংবাদিক বলেন, “বিচার না হলে অপরাধীরা সাহস পায়। সবাই মিলে এর প্রতিবাদ করতে হবে, যেন আর একটাও এমন ঘটনা না ঘটে। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনে আইন সংস্কার করতে হবে।”

নাসিমুন আরা হক মিনু বলেন, “এ বিষয়টিকে সিরিয়াসলি নিতে হবে। অপরাধীর মৃত্যুদণ্ড হতে হবে। আমরা সভ্য সমাজে বাস করি, যেখানে নারীর নিরাপত্তার অধিকার রয়েছে।”

কঠোর আইন, দ্রুত বিচার ও নারীকে ‘মানুষ’ হিসেবে বিবেচনার মাধ্যমে ধর্ষণ কমিয়ে আনা সম্ভব বলে মত দেন তিনি।

মানবাধিকার কর্মী খুশি কবির মনে করেন, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে বলেই এ ধরনের ঘটনা বাড়ছে। বিচারহীনতার সংস্কৃতির সঙ্গে জবাবদিহিতার অভাবও এর কারণ।

“পুলিশের দায়িত্বহীনতা, বিচার ব্যবস্থার দায়িত্বহীনতাও এ ধরনের ঘটনার জন্য দায়ী। ভাল-মন্দ বিচারের মানসিকতা আমরা হারিয়ে ফেলছি। এক্ষেত্রে সরকার ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

খুশি কবির বলেন, নারীদের ব্যাপারে হিংস্রতা বেড়ে যাচ্ছে। নারী নির্যাতন বন্ধে ওয়াজ মাহফিল বা খুতবায় এ ব্যাপারে বলতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

“স্কুল কলেজের শিক্ষার্থীদের কী শিক্ষা দেওয়া হচ্ছে, সমাজের চারপাশে কী শিক্ষা আমরা পাচ্ছি- সেগুলো দেখতে হবে।”

অবহেলা আর উদাসীনতায়ই নারী নির্যাতন বাড়াচ্ছে মন্তব্য করে এই মানবাধিকার কর্মী বলেন, “নারীদের মানুষ হিসেবে ভাবা হচ্ছে না। আমার মনে হয় পুরুষদের এখন মানুষ হওয়ার সময় এসে গেছে। তাদের কাজের মাধ্যমেই তাদের প্রমাণ করতে হবে তারা মানুষ।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনিলোজি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফারজানা রহমানের মতে, ধর্ষণের মত ঘটনায় সমাজব্যবস্থার ওপর ঢালাপও দোষ চাপিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনাগুলো মূলত অপরাধীর নিজস্ব দৃষ্টিভঙ্গি, শিক্ষা, পারিবারিক শিক্ষার ওপর নির্ভর করে।

“বিচার হবে - এই অনিশ্চয়তা যতদিন না থাকবে, ততদিন ধর্ষণ বা নারী নির্যাতন বন্ধ হবে না। শিক্ষা ব্যবস্তায় ‘সেক্সুয়াল এডুকেশন’ অন্তর্ভুক্ত করা, মূল্যবোধের পরিবর্তন এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারলে নারী নির্যাতন বন্ধ হবে।”

ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে ফারজানা বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মনোরোগ বিশেষজ্ঞ বাধ্যতামূলক করা হলে সংশোধন প্রক্রিয়া সহজ হতে পারে।