২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাচেষ্টা, চুরির পাল্টা মামলা নূরদের বিরুদ্ধে

ডাকসু ভিপি নুরুল হক নূর এবং তার সঙ্গী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে এক ছাত্রলীগ কর্মী পাল্টা মামলা করেছেন, যেখানে হত্যাচেষ্টার সঙ্গে মানিব্যাগ, মোবাইল ফোন চুরির অভিযোগ আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 05:53 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ডিএম সাব্বির হোসেন বুধবার ঢাকার শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন বলে রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এস এম শামীম জানান।

তিনি বলেন, নূরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে সেখানে আসামি করা হয়েছে। ডাকসু ভবনে বহিরাগতদের নিয়ে অবৈধ অনুপ্রবেশ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে।

মামলার বাদী সাব্বির হোসেন সার্জেন্ট জহরুল হক হল ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। এখন কোনো পদে না থাকলেও তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হিসেবে পরিচিত।

এজাহারে নাম থাকা আসামিরা হলেন-ডাকসুর ভিপি নুরুল হক নূর, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মুহাম্মদ রাশেদ খান, এপিএম সুহেল, মশিউর রহমান, আবু হানিফ, ওই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, আমিনুল ইসলাম, তুহিন ফারাবী, মেহেদী হাসান, সালেহ উদ্দিন সিফাত, নাজমুল হাসান, রবিউল হোসেন, আয়াতুল্লাহ বেহেশতী, আরিফুর রহমান, দ্বীন ইয়ামিন মোল্লা, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম, আরিফুর রহমান, আব্দুল্লাহ হিল বাকী, আকরাম হোসেন, আসিফ খান, সানা উল্লাহ হক, আতাউল্লাহ, শাকিল মিয়া, হাসানুল বান্না, রবীরুল ইসলাম, রাজ ও আরিফুল ইসলাম।

সেখানে বলা হয়, আসামিরা ‘অবৈধভাবে জনতবদ্ধ হয়ে ডাকসু ভবনে অনধিকার প্রবেশ’ করে এবং লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে হত্যার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, এ এম এম আল সনেট, ইয়াসিন আরাফাত, তৌহিদুল ইসলাম মাহিম, মাহবুব হাসান নিলয়, ইয়াদ আল রিয়াদ, ইমরান সরকারসহ আরও অনেককে গুরুতর জখম  করে।

সাব্বির নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা এজাহারে লিখেছেন।মামলার বিষয়ে কথা বলতে তাকে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার এ মামলার এজাহার ঢাকার হাকিম আদালতে গেলে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল সেটি গ্রহণ করে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে অভিযোগ তদন্ত করে ৫ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ২২ ডিসেম্বর ডাকসু ভবনে নিজের কক্ষে হামলার শিকার হন ভিপি নূর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একদল নেতা-কর্মী।

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ভিপির কক্ষে ঢুকে বাতি নিভিয়ে সেখানে থাকা সবাইকে এলোপাতাড়ি পেটায় বলে আহতদের ভাষ্য।

পরদিন নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই রইচ হোসেন শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন। ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলা চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয় সেখানে।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এএসএম আল সনেট, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্যসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে ওই মামলায় আসামি করা হয়।

তাদের মধ্যে আল মামুন ও তুর্যসহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে নিয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশ। 

সাব্বিরের করা মামলায় যাদের আহত বলা হচ্ছে, তাদের অনেকেই পুলিশের করা মামলায় আসামি। আবার সাব্বির যাদের আসামি করেছেন, তাদের অনেকেই আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ মামলা করার পরদিন আহত নূরের পক্ষে মামলা করতে শাহবাগ থানায় যান ডাকসুর সমাজ সেবা সম্পাদক  আখতার হোসেন। হামলার জন্য ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়।

নূরের পাঠানো ওই অভিযোগেও মোবাইল ও অর্থ ছিনিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। তবে মামলাটি আলাদাভাবে নথিভুক্ত না করে আগের দিন পুলিশের করা মামলার সঙ্গেই নূরের অভিযোগের তদন্ত করা হবে বলে সেদিন জানিয়েছিলেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

সেদিন হামলার ঘটনার পর মোট ৩১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে নূরসহ আটজন এখনও হাসপাতালে আছেন।

নূর বলছেন, ২২ ডিসেম্বর বেলা ১২টার দিকে হঠাৎ করে মুক্তিযুদ্ধ মঞ্চ অতির্কিতে ডাকসু ভবনে ঢুকে লাঠিসোঁটা নিয়ে তাদের উপর প্রথম দফা হামলা চালায়। তখন তারা ডাকসুর কর্মচারীদের সহায়তায় ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেন।

“কিছুক্ষণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ দাস এবং সাধারণ সম্পাদক ও ডাকসুর এজিএস সাদ্দাম হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা মূল ফটকের তালা খুলে হত্যার উদ্দ্যেশে হামলা চালায়।”

অন্যদিকে হামলায় ছাত্রলীগের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করে সাদ্দাম সেদিন সাংবাদিকদের বলেছিলেন, ওই ঘটনা ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সংঘর্ষ। ওই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিলে তারা তা থামাতে গিয়েছিলেন।

আর ডাকসুর জিএস গোলাম রাব্বানী এক ফেইসবুক পোস্টে দাবি করেন, সেদিন ছাত্রলীগ নেতারা নূরকে ‘উদ্ধার করতে’ গিয়েছিলেন। নূরের সাথে থাকা সহযোগীদের ‘অসৌজন্যমূলক আচরণে ও তীর্যক মন্তব্যে’ তারা ফিরে আসেন। 

আরও খবর-

হাসপাতাল ছাড়ছেন নূর, মামলার তদন্তে ডিবি

নুরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা রিমান্ডে  

বহিরাগতদের নিয়ে নূর কেন ডাকসু ভবনে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

ডাকসু ভবনে ভিপি নূরের উপর হামলা

নূরকে দেখতে হাসপাতালে নানক, ‘বর্বর ঘটনার’ বিচারের আশ্বাস

ডাকসুর ঘটনায় ব্যবস্থা নিতে ‘প্রধানমন্ত্রীর নির্দেশ’

পুরনো খবর:

সনজিত-সাদ্দামসহ ৩৭ জনের বিরুদ্ধে থানায় নূরের অভিযোগ
নূরদের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা