২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিরাগতদের নিয়ে নূর কেন ডাকসু ভবনে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

ভিপি নুরুল হক নূর বহিরাগতদের নিয়ে কেন ডাকসু ভবনে গিয়েছিলেন সেই প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 03:25 PM

Updated : 08 Apr 2022, 05:14 PM

তবে নুরের উপর হামলাকে ‘দুঃখজনক, অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য’ হিসেবে বর্ণনা করে তিনি বলছেন, সরকার এ ঘটনার তদন্ত করবে।

সমসাময়িক বিষয় নিয়ে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সদ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ পাওয়া হাছান।

সেখানে এক প্রশ্নের জবাবে হাছান বলেন, “আমরা কখনোই এই ধরনের হামলাকে সমর্থন করি না। হামলার পরপরই আমাদের দলের জাহাঙ্গীর কবির নানকসহ দুজন নেতা সমবেদনা জানাতে সেখানে (হাসপাতালে) গিয়েছিলেন। তারা দলের অবস্থানের কথা স্পষ্ট করেছেন, দলের সাধারণ সম্পাদকও এ বিষয়ে বলেছেন।

“আমাদের বক্তব্য একই, আমরা এই ধরনের ঘটনাকে কখনও সমর্থন করি না। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তা নিন্দনীয়।”

রোববার মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে কর্মসূচির পর ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূর এবং তার সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সদস্যদের ওপর হামলা হয়। পরিষদের সদস্যদের মধ্যে অন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রও ছিলেন। ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও হামলায় অংশ নিতে দেখা যায়।

হাছান মাহমুদ বলেন, “এখানে কয়েকটি প্রশ্ন থেকে যায়। সেটি হচ্ছে ডাকসুর ভিপি নূর কেন বহিরাগতদের নিয়ে ডাকসু ভবনে গেলেন? এতগুলো বহিরাগতকে নিয়ে সেখানে যাওয়ার কী প্রয়োজন ছিল?

“দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখেছেন সরকাকে বেকায়দায় ফেলার জন্য দেশে নানা ধরনের ষড়যন্ত্র আছে। রাজনৈতিকভাবে সরকারকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ ও যারা দেশের পরিস্থিতি ঘোলাটে করতে চায়, সেই পক্ষ যৌথভাবে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা ষড়যন্ত্র করছে।

“সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে কি না, এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে কোনো উসকানি ছিল কিনা… আমরা অতীতে দেখেছি ডাকসুর ভিপি নূর এই ধরনের ঘটনার মাধ্যমে আলোচনায় থাকতে চান। ছাত্র সংশ্লিষ্ট বিষয় বাদ দিয়ে ভারতের ঘটনা নিয়ে সেখানে আন্দোলন করার চেষ্টা- এগুলো তো ডাকসুর কাজ নয়। ডাকসুর কাজ হচ্ছে ছাত্রদের বিষয় নিয়ে কথা বলা।”

রোববার ডাকসু ভবনে বহিরাগতদের উপস্থিতি নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে ওই ঘটনা ঘটে বলে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদকের ভাষ্য। 

তিনি বলেন, “সেখানে ভারতের বিষয় নিয়ে আন্দোলনের চেষ্টা এবং বহিরাগতদের নিয়ে সেখানে উপস্থিত হওয়া- এগুলো আসলে ঘটনা ঘটানোর জন্য ইন্ধন কি না, এগুলো খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।”

মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটি নিয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “মুক্তিযুদ্ধ মঞ্চের মধ্যে যে কোনো দলের মানুষ থাকতে পারে। ছাত্রলীগ থাকতে পারে, ছাত্রফ্রন্ট থাকতে পারে, মুক্তিযুদ্ধের পক্ষের ছাত্র সংগঠনের যে কোনো নেতা থাকতে পারে।”

তবে যারাই ঘটনা ঘটিয়ে থাক, এর তদন্ত ‘অবশ্যই’ হবে বলে জানান তথ্যমন্ত্রী।

আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, “পর পর তিনবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করেছে জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই কারণে আমাদের দলের মধ্যে অনেক সুযোগসন্ধানীর অনুপ্রবেশ ঘটেছে। অনেক স্বার্থান্বেষী মহলের অনুপ্রবেশ ঘটেছে।

“এবার জাতীয় কাউন্সিল ঘিরে সারাদেশে জেলা ও উপজেলায় যে কাউন্সিল হয়েছিল, সেখানে এই বার্তাই দেওয়া হয়েছিল- দলের মধ্যে যারা সুযোগ সন্ধানী, যারা এক সময় দলের বিরুদ্ধে কাজ করেছে, যারা অনুপ্রবেশকারী, তাদের নেতৃত্বে আনা যাবে না। সেই মোতাবেক জেলা-উপজেলায় কমিটি গঠন করা হয়েছে।”

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে ‘জাতির জন্য দিক-নির্দেশনা’ থাকে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “যারা রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছেন তাদের আওয়ামী লীগের সম্মেলন থেকে অনেক কিছু শেখার আছে। যারা রাজনীতিতে কেনাবেচার হাট বসিয়েছিলেন, তাদেরও অনেক কিছু শেখার আছে। অনেক দলের অনেক কিছু শেখার আছে।”

দলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাছান। তিনি বলেন, “আমার উপর যে আস্থা, বিশ্বাস স্থাপন করেছেন, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সেই আস্থা ও বিশ্বাসের মর্যাদা যেন রক্ষা করতে পারি, সেটাই আমার প্রতিজ্ঞা।”

পুরনো খবর:

ডাকসু ভবনে ভিপি নূরের উপর হামলা
নূরকে দেখতে হাসপাতালে নানক, ‘বর্বর ঘটনার’ বিচারের আশ্বাস