২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূরদের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের গ্রেপ্তার দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টার মামলা করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2019, 11:31 AM

Updated : 18 Aug 2022, 06:18 PM

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নীলক্ষেত পুলিশ ফাঁড়ির এসআই রইচ হোসেন সোমবার মধ্যরাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। 

আসামিরা হলেন- মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এএসএম আল সনেট, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত তূর্য, এফ রহমান হল শাখার সাধারণ সম্পাদক ইমরান সরকার, কবি জসীম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক ইয়াদ আল রিয়াদ, কেন্দ্রীয় নেতা মাহবুব হাসান নিলয় এবং জিয়া হল শাখার সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম।

তাদের মধ্যে আল মামুন ও তূর্যকে সোমবার দুপুরে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওই আটজনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৩৫ জনকে মামলার এজাহারে আসামি করা হয়েছে বলে উপকমিশনার সাজ্জাদুর রহমান জানান।

এজাহারে বলা হয়, রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি শেষে মিছিল নিয়ে মধুর ক্যান্টিনে যাচ্ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। সে সময় ডাকসু ভবনের সামনে ভিপি নুরুল হক নূর এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি এবং ঢিল ছোড়াছোড়ি হয়।

এক পর্যায়ে নূররা ডাকসু ভবনের ভেতরে ঢুকে গেলে আসামিরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ‘অবৈধভাবে জনতাবদ্ধ হয়ে’ ডাকসু ভবনে ঢুকে পড়ে। তারা ভিপি নূর এবং তার অনুসারীদের এলোপাতাড়ি মারধর করে এবং ডাকসুর ভিপির কক্ষের জানালার কাচ, চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে।

“তখন মারামারিতে অংশ নেওয়া মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে ডাকসুর ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গী অন্যান্য নেতাকর্মীদের লাঠিসোঁটা ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।”

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে বলে উল্লেখ করা হয়েছে এজাহারে।

এ মামলার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৪২৭ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৩০৭ ধারায় হত্যাচেষ্টার অভিযোগের কথা বলা হয়েছে।

সেদিন ডাকসু ভবনে নূরদের ওপর হামলার সময় ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও সেখানে দেখা যায় বলে খবর এসেছে সংবাদমাধ্যমে।

মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে ভিপি নূরের কক্ষে ঢুকে বাতি নিভিয়ে সেখানে থাকা সবাইকে এলোপাতাড়ি পেটান বলে আহতদের ভাষ্য।

হামলায় আহত নূরসহ ২৮ জনকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজন মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন। বাকিরা চিৎিসা নিয়ে ফিরে গেছেন।

ওই হামলার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর কয়েক ঘণ্টা পর শাহবাগ এলাকা থেকে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে গ্রেপ্তার করার কথা জানায় গোয়েন্দা পুলিশ।

আল মামুন ছাত্রলীগের গত কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপ সম্পাদক পদে ছিলেন। আর তূর্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক। 

আরও খবর -

নূরের ওপর হামলা: মুক্তিযুদ্ধ মঞ্চের দুই নেতা আটক

বহিরাগতদের নিয়ে নূর কেন ডাকসু ভবনে, প্রশ্ন তথ্যমন্ত্রীর

ডাকসু ভবনে ভিপি নূরের উপর হামলা

নূরকে দেখতে হাসপাতালে নানক, ‘বর্বর ঘটনার’ বিচারের আশ্বাস

ডাকসুর ঘটনায় ব্যবস্থা নিতে ‘প্রধানমন্ত্রীর নির্দেশ’