ডাকসুর ঘটনায় ব্যবস্থা নিতে ‘প্রধানমন্ত্রীর নির্দেশ’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাকসু ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ভিন্ন মত প্রকাশের অধিকার সবার রয়েছে, ডাকসুর ভিপি আমাদের সমালোচনা করতে পারে, সরকারের সমালোচনা করার অধিকার তার আছে। এখানে অন্যান্য যে বহিরাগতরা আসে এসব কথা অনেকে বলে, যত কিছুই হোক, যে হামলা হয়েছে এটা নিন্দনীয় ঘটনা, আমি এটার নিন্দা করি।“
এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা জানিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, “নেত্রী সুস্পষ্ট করে বলে দিয়েছেন, এ ঘটনার সঙ্গে যারা জড়িত তারা যদি দলীয় পরিচয়ের কেউও হয়, তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং প্রশাসনিকভাবে আইন প্রয়োগকারী সংস্থাকেও বলা হয়েছে।”
রোববার মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের ব্যানারে কর্মসূচির পর ডাকসু ভবনে নূরদের ওপর হামলা হয়। ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও এই হামলায় দেখা যায়।
হামলায় আহত নূরসহ ২৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। এর মধ্যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীকে রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার লাইফ সাপোর্ট খুলে ফারাবীকে নিউরোলজি ওয়ার্ডে নেওয়া হয়। এখন নূর, ফারাবীসহ মোট পাঁচজন হাসপাতালে ভর্তি আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম রোববার প্রধানমন্ত্রীর নির্দেশেই নূরদের চিকিৎসার খোঁজ খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ঘটনার নিন্দা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “যারা এই অপকর্ম করে থাকুক, এভাবে প্রকাশ্য এ ধরনের হামলা, এর বিচার হওয়া উচিত।… আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা করি।”
ছাত্রলীগের বার বার খারাপ খবরের শিরোনাম হওয়া নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, “মাঝে মাঝে এগুলো হয়, এখানে আবার মুক্তিযুদ্ধ মঞ্চে নামে একটি প্রতিষ্ঠান- সেটা তো সরাসরি আমাদের দলের সাথে জড়িত নয়, সেখানে মুক্তিযুদ্ধের মঞ্চেরও কেউ কেউ জড়িত।”
হামলায় ছাত্রলীগ নেতাদের জড়িত থাকার বিষয়ে তিনি বলেন, “ছাত্রলীগের একজনের কথা শুনেছি, ছাত্রলীগ তাকে আগেই বহিষ্কার করেছে অপকর্মের জন্য, বিতর্কিত বলে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে।”
মুক্তিযুদ্ধ মঞ্চের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে জানিয়ে কাদের বলেন, “যেই হোক, অপকর্মকারীকে অপকর্মকারী হিসেবেই দেখব, কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না।”
রোববারের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা- এ প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে কিনা।”
ডাকসুর ভিপি নূরের ওপর বার বার হামলার ঘটনা নিয়ে সরকার বিব্রত কিনা- সেই প্রশ্ন সেতুমন্ত্রীর সামনে রেখেছিলেন একজন সাংবাদিক।
উত্তরে তিনি বলেন, “অবশ্যই এ ধরনের ঘটনায় সরকারে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। তবে সরকার কীভাবে দেখছে এটাও দেখার বিষয়। কোনো ঘটনায় সরকার নিবৃত থাকেনি, ব্যবস্থা নিয়েছে।
“নিজের দলের লোকজন বুয়েটে তো একজনকে মেরেছে, বাকি যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকেও তো আমার হারালাম, তারা ছাত্রলীগের কর্মী, দলের লোক বলে ঘরের লোক বলে রেহাই দিইনি, প্রশ্রয় দিইনি।”
ওবায়দুল কাদের বলেন, “আমাদের মত দেশে এত মানুষের বাস। রুলিং পার্টি বিশাল পার্টি। এখানে অনুপ্রবেশকারীরা ঢুকে অবাঞ্ছিত ঘটনা ঘটায়। বিষয়গুলো খুব সিরিয়াসভাবে দেখা হচ্ছে।”
