ঢাকায় রিকশার জন্য আলাদা লেইনের সুপারিশ
ঢাকার সড়কগুলোতে রিকশা বন্ধ না করে আলাদা লেইন করার সুপারিশ এসেছে এক গোলটেবিল আলোচনা থেকে।
বাংলাদেশ ইনস্টিটিউ অব লেবার স্টাডিজ (বিলস) মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এই গোলটেবিল আয়োজন করে।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এম এম আকাশ বলেন, ““যানজট কমাতে হলে শুধু রিকশা উঠালে চলবে না, এখানে অবৈধ পার্কিংয়ের জন্য কঠোর আইন করতে হবে। যেখানে-সেখানে পার্কিং বন্ধ করলে যানজন অনেকাংশে কমে যাবে।”
রিকশার জন্য আলাদা লেইনের দাবি তুলে তিনি বলেন, “ঢাকায় রিকশার সঙ্গে সম্পৃক্ত প্রায় ৮০ লাখ মানুষের বৃহৎ জনগোষ্ঠিকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। প্রয়োজনে ঢাকার প্রধান সড়কের আলাদা লেইন তৈরি করতে হবে। যার ফলে বৃহৎ জনগোষ্ঠির জীবিকা নির্বাহ হবে।”
রিকশা বন্ধের আগে এই চালকদের ভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ার দাবি জানান আকাশ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “দুই দিক থেকেই ঢাকায় রিকশা দরকার। একটি হচ্ছে বৃহৎ জনগোষ্ঠির কর্মসংস্থান আর অন্যটি হচ্ছে নগরবাসীর যাতায়াত ব্যবস্থা।
”রিকশার বিকল্প যান না থাকায়, ঢাকা শহরে রিকশা অত্যন্ত জরুরি হয়ে আছে। এর কোনো বিকল্প যান নেই।”
যানজটের জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, “পৃথিবীর বড় বড় শহরে সাইকেলের জন্য আলাদা লেন থাকে; তাহলে আমাদের এখানেও রিকশার আলাদা লেইন করতে হবে।”
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী নাঈমুল আহসান জুয়েল বলেন, “যানজটের জন্য শুধু রিকশা দায়ী নয়, যানজটের জন্য প্রাইভেটকারও দায়ী।
“সব মিলিয়ে রিকশা চলাচলের জন্য সরকারকে পরিকল্পনা হাতে নিতে হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণে কত রিকশা চলবে তা নিরর্ধারণ করতে হবে।”
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান বলেন, “হুট করে রিকশা বন্ধ কোনো ভাবেই কাম্য নয়। ঢাকায় বেশিরভাগ রিকশাই মহল্লাকেন্দ্রিক। মোট কথা ঢাকায় রিকশা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“বর্তমানে ঢাকায় রিকশা নিয়ে সরকারে তেমন কোনো পরিকল্পনা নেই। পরিকল্পনা তৈরি করা অতি জরুরি।”
বাংলাদেশ ইন্সটিটিউ অব লেবার স্টাডিজের চেয়ারম্যান হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে ঢাকা সিটি করপোরেশনের কাউন্সিলর বিএম সিরাজুল ইসলাম, ফাতেমা আক্তার ডলি, ট্রাফিক পুলিশের শাহবাগ জোনের পরিদর্শক গোলাম মোস্তফা, রিকশা ভ্যান মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
