নেতাহীন জঙ্গিরা ছোট ছোট গ্রুপে বিভক্ত: মনিরুল
গুলশান হামলার তিন বছর পেরিয়ে যাওয়ার পর এখনও বাংলাদেশে জঙ্গিরা ফনা মেলতে চাইলেও তাদের সেই সামর্থ্য আর নেই বলে দাবি করেছেন জঙ্গি দমনে গঠিত পুলিশের বিশেষ ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এই জঙ্গিরা এখন নেতৃত্বহীন অবস্থায় ছোট ছোট দলে ভাগ হয়ে আছে জানিয়ে তিনি বলেছেন, “বর্তমানে জঙ্গিদের ইন্টেনশন থাকলেও ক্যাপাসিটি ও ক্যাপাবিলিটি নেই।”
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল জঙ্গি তৎপরতা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।
ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার তিন বছর পূর্তির আগের দিন রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সামনে আসেন তিনি; কথা বলেন ওই হামলার তদন্ত, অভিযোগপত্র দাখিল এবং দেশে জঙ্গিদের বর্তমান অবস্থা নিয়ে।
কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হামলার পর ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বাংলাদেশের জঙ্গিরা তাদের সামর্থ্যের জানান দিয়েছিল।
দুই পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জন নিহত হয়েছিলেন ওই হামলায়। তার মধ্য দিয়ে বাংলাদেশি জঙ্গিরা জানান দিয়েছিল, ভয়াবহ হামলা চালানোর শক্তিও তারা অর্জন করেছে।
১৭ বিদেশির মৃত্যুতে ওই হামলার পর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামেও উঠে এসেছিল বাংলাদেশ; যা সরকারের কর্তাব্যক্তিদের কপালেও ভাঁজ ফেলেছিল।
গুলশান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীগুলো মিলে সাঁড়াশি অভিযানে নামে, তাতে মিলতে থাকে ‘নব্য জেএমবি’র একটির পর একটি আস্তানার খোঁজ। এসব অভিযানে মারা পড়েন জঙ্গি নেতাদের অনেকেই, উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক।
ওই ঘটনায় সন্ত্রাস দমন আইনে যে মামলাটি হয়েছে, তার তদন্ত শেষে অভিযোগপত্রও দিয়েছে পুলিশ।
হামলায় জড়িত মোট ২১ জনকে চিহ্নিত করলেও অভিযোগপত্রে আসামি করা হয় আটজনকে।
গুলশান হামলাকারী ৫ তরুণ, যারা সবাই নিহত হন
মনিরুল বলেন, “জীবিত মোট আট জঙ্গির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বাকি ১৩ জন বিভিন্ন অভিযানে নিহত হয়েছিল। ৮ জনের মধ্যে দুজন পলাতক ছিল। পরে তারা র্যাবের হাতে গ্রেপ্তার হয়।”
এই আটজনের বাইরে আর কারও নাম এলে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছিল পুলিশ।
“পরে দুজনকে আমরা জিজ্ঞাসা করার সুযোগ পেয়েছিলাম। কিন্তু নতুন কোনো তথ্য বা অন্য কাউকে অভিযুক্ত করার মতো বা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ পাইনি,” বলেন মনিরুল।
মামলাটির বিচারের গতিতে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “৮ জনের বিচারকার্য বিজ্ঞ আদালতে চলমান, খুব দ্রুত সময়ের মধ্যে এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ মামলার শুনানি গৃহীত হচ্ছে।”
গুলশান হামলার পরপরই শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে হামলার চেষ্টা চালিয়েছিল জঙ্গিরা, কিন্তু তা ঠেকিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
মনিরুল বলেন, “আমরা দেখেছি যে, তাদের (জঙ্গি) পরিকল্পনা ছিল হলি আর্টিজান স্টাইলে আরও কিছু নৃশংস ঘটনা, সহিংস ঘটনা ঘটনোর। কিন্তু 'প্রো-অ্যাক্টিভ ইনভেস্টিগেশন' এর মাধ্যমে তাদের সেই পরিকল্পনাগুলো অভিযান চালিয়ে রুখে দেওয়া হয়।”
ঝুঁকি নিয়ে নানা জঙ্গি আস্তানায় অভিযান চালানোর কথা তুলে ধরে তিনি বলেন, “ওই পর্যায় তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি এবং হলি আর্টিজান এর পরবর্তী শোলাকিয়ার ঘটনা বাদ দিলে এবং সিলেটের একটি ঘটনা আছে, যেটা সেকেন্ডারি আক্রমণ, সেটি ছাড়া আর বড় কোনো ঘটনা বাংলাদেশ সংগঠিত হয়নি।”
বর্তমানে জঙ্গিদের অবস্থা জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তারা এখন ছোট ছোট গ্রুপ হয়ে বিভক্ত হয়ে গেছে। ফলে নব্য জেএমবির সকলের মনোনীত কোনো নেতা এ মুহূর্তে নেই। ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপ এক-একজন নেতৃত্ব দিচ্ছে।”
হলি আর্টিজান বেকারির সীমানা দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে সেনাবাহিনীর সাঁজোয়া যান
গুলশান হামলার ক্ষেত্রে গোয়েন্দা ব্যর্থতা মানতে নারাজ গোয়েন্দা কর্মকর্তা মনিরুল।
তিনি বলেন, “দূতাবাসসমূহে একটা হামলা হতে পারে, এরকম একটি ভাসা ভাসা তথ্য আমাদের কাছে ছিল। সেজন্য আমরা নিরাপত্তা জোরদার করেছিলাম।”
উন্নত অনেক দেশেও এই ধরনের হামলার নজির তুলে ধরেন মনিরুল; হলি আর্টিজানে অভিযানে হামলাকারী জঙ্গিদের সবার নিহত হওয়ার কথাও বাংলাদেশের সক্ষমতার প্রকাশ হিসেবে দেখান তিনি।
শ্রীলঙ্কায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলা থেকে বাংলাদেশের জঙ্গিরাও প্রেরণা খুঁজতে পারে বলে আগেই মন্তব্য এসেছিল মনিরুলের কাছ থেকে। গত মাসে ঈদের সময় দেশে জঙ্গি হামলার শঙ্কা ছিল বলে খোদ প্রধানমন্ত্রীই জানিয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, “জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। আন্তর্জাতিক, আঞ্চলিক এবং জাতীয় ঘটনা প্রবাহসমূহের কারণে অনেক সময় জঙ্গিরা অনুপ্রাণিত হয়, কখনো প্রতিহিংসাপরায়ণ হয়।
“আমরা দেখেছি আইএসের পতনের পর অর্থাৎ তাদের যে টেরিটরি লস বা ফিজিক্যাল ডিফিট ইরাক, সিরিয়াতে হয়ে গেছে, তারপর বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি গোষ্ঠী কর্তৃক সহিংস ঘটনা সংঘটিত হয়েছে এবং প্রায় প্রতিদিন কোথাও না কোথাও হচ্ছে।”
বাংলাদেশে জঙ্গিবাদীদের মধ্যে তা প্রেরণা হিসেবে কাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতায় তারা কিছু করতে পারেনি বলে দাবি করেন মনিরুল।
“জঙ্গিদের ইন্টেনশন থাকলেও তাদের যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি, সেটা আমরা বিপর্যস্ত করে দেওয়ার কারণে তারা সফল হতে পারেনি।”
নরসিংদীতে এক জঙ্গি আস্তানায় অভিযানে মনিরুল ইসলাম (ফাইল ছবি)
জঙ্গিদের দমন করা গেলেও জঙ্গিবাদে বিশ্বাসী অনেকে রয়েছেন বলে এ ক্ষেত্রে সচেতনতার উপর জোর দিচ্ছেন তিনি।
“অনুকূল পরিবেশ পেলে তারা যদি সক্ষমতা অর্জন করে …. যতক্ষণ পর্যন্ত তাদের আইডিওলজিতে বিশ্বাসী লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত ঝুঁকি থাকবে।”
তিনি বলেন, “এই মুহূর্তে ঝুঁকির যে মাত্রা, এটি খুব বেশি না হলেও বড় ধরনের কোনো হামলা বা সুনির্দিষ্ট হামলার তথ্য আপাতত আমরা দেখছি না। তবে সতর্ক থাকতে হবে, যাতে ছোটখাটো ঘটনা সংগঠিত করতে না পারে।
“আমরা আশাবাদী যে সকলে মিলে যদি ঐক্যবদ্ধ প্রয়াস অব্যাহত রাখি, আগামীতেও জঙ্গিরা কোনো ঘটনা অর্থাৎ সহিংস ঘটনা বা জঙ্গিবাদী হামলা করতে সক্ষম হবে না।”
আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সচেতন থেকে আমরা যার যার জায়গা থেকে যদি দায়িত্ব পালন করি, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জঙ্গিবাদীরা আর কখনও মাথা তুলে দাঁড়াতে পারবে না।”
