২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার হুমকি দিয়ে বাংলায় পোস্টার আইএসের

আইএসের নামে হামলার হুমকি দিয়ে বাংলা ভাষায় একটি পোস্টার প্রকাশের খবর এসেছে ভারতের সংবাদ মাধ্যমে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2019, 04:20 PM

Updated : 18 Aug 2022, 05:12 PM

আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীটির সমর্থক একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই পোস্টারে লেখা হয়েছে- ‘শিঘ্রই আসছি, ইনশাল্লাহ’। পোস্টারে ‘আল মুরসালাত’ নামে একটি গ্রুপের লোগোও ছিল।

বৃহস্পতিবার রাতে এই পোস্টারটি প্রকাশিত হয়েছে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

শ্রীলঙ্কায় হামলার পর এই পোস্টার প্রকাশ ভারত কিংবা বাংলাদেশে হামলার হুমকি হিসেবে দেখা হচ্ছে।

গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি চার্চ ও কয়েকটি হোটেলে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে আড়াইশ মানুষকে হত্যার পেছনে আইএসকে দায়ী করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য থেকে সম্প্রতি প্রায় উৎখাত হওয়া আইএস দক্ষিণ এশিয়ার বৌদ্ধপ্রধান দেশটিতে ভয়াবহ ওই হামলার দায় স্বীকার করে বার্তাও দিয়েছে।

ভারতের গোয়েন্দা সূত্রের উদ্ধৃত দিয়ে টাইমস অব ইন্ডিয়া বলেছে, শ্রীলঙ্কায় হামলার পর হুমকি দিয়ে পোস্টার প্রকাশের এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। 

শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশেও জঙ্গি ও সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা চলছে।

বাংলাদেশে ২০১৬ সালে গুলশান হামলায় জড়িতরা নিজেদের আইএস সমর্থক হিসেবে দেখিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের দলটির সঙ্গে বাংলাদেশি জঙ্গিদের সরাসরি সম্পৃক্ততার কথা উড়িয়ে দিয়েছিল সরকার।

গুলশান হামলায় জড়িত থাকা নব্য জেএমবির সদস্যরা আইএস দ্বারা উদ্বুদ্ধ বলে মনে করা হয়। এই দলটির শাখা ভারতেও সক্রিয় বলে দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের দাবি।

সিরিয়ার বড় অঞ্চলে যখন আইএসের শক্ত অবস্থান, তখন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার কিছু অংশ নিয়ে আইসের বাংলা খিলাফত প্রতিষ্ঠার খবরও এসেছিল জঙ্গিগোষ্ঠীটির নিজস্ব প্রচার মাধ্যমে।

পুরনো খবর:

শ্রীলঙ্কা হামলার দায় স্বীকার করে আইএসের বার্তা
আইএসের ভিডিওতে শ্রীলঙ্কা হামলার ‘হোতা’ জাহরান
শ্রীলঙ্কার হামলা বাংলাদেশের জন্য কেন বিপদের, দেখালেন মনিরুল
বাংলাদেশেও সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী