২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মান যাচাই প্রয়োজন: শিক্ষামন্ত্রী

অতীতে ঠিকমত যাচাই-বাছাই না করেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে অভিযোগ করে এসব প্রতিষ্ঠানগুলোর মান যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2019, 01:37 PM

Updated : 08 Apr 2022, 04:23 PM

রোববার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এর আগে বিরোধীদল জাতীয় পার্টি ও বিএনপির ১০ জন সংসদ সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বরাদ্দের বিরুদ্ধে ছাঁটাই প্রস্তাব দেন।

ছাঁটাই প্রস্তাব দেওয়া সংসদ সদস্যদের উদ্দেশ্য করে দীপু মনি বলেন, “যারা ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেছেন তাদের দলগুলো দীর্ঘদিন এদেশে ক্ষমতায় ছিল। আমরা তাদের ক্ষমতার অপব্যবহার দেখেছি। তখনকার শিক্ষাখাতে বরাদ্দ, শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠানের মান সম্পর্কেও আমরা অবগত আছি।”

বিএনপির সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নতুন এমপিওভুক্তির জন্য তালিকা যখন দেখছি, দেখতে পাচ্ছি কোথাও কোথাও বৈষম্য হচ্ছে। কয়েকটি এলাকায় দেখছি যতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান থাকার প্রাপ্যতা রয়েছে তার থেকে বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত। সেই এলাকাগুলো দেখলে এবং কখন এমপিও হয়েছে তা দেখলে দেখা যাবে বিএনপি-জামায়াতের সময়ে এগুলো এমপিওভুক্ত।

“কোনো কোনো প্রভাবশালী মন্ত্রী তার নিজের এলাকায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, যেগুলো নিয়মবিরুদ্ধ এবং মান যাচাই না করে নিয়মবিরুদ্ধভাবেই সেগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে। কোথাও কোথাও ছাত্র নেই, শিক্ষক নেই- কিছুই নেই। কাজেই আমরা এখন সারা দেশে অতীতে যত এমপিওভুক্ত প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠানের মান যাচাই করার প্রয়োজনীয়তা অনুভব করছি।”

নয় বছর বন্ধ থাকার পর নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমিপওভুক্ত করার কার্যক্রম আবার শুরুর কথা এবারের বাজেটে (২০১৯-২০) উল্লেখ করেছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত ১৩ জুন সংসদে উত্থাপিত বাজেটে তিনি নতুন অর্থবছরে এমপিওভুক্তির জন্য বরাদ্দ রাখার কথা বললেও তার পরিমাণ জানাননি।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনিও নতুন আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠান এমিপওভুক্ত করার কথা বলেছিলেন। যোগ্য সব শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার কথা তিনি আবারও গত ২৫ জুন সংসদে বলেন।

সবশেষ ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। এরপর থেকে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করে আসছেন। আন্দোলনের মুখে গত বছরের জুলাইয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

গত অগাস্টে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করলে নয় হাজার ৬১৪টি প্রতিষ্ঠান আবেদন করে। এর মধ্যে দুই হাজার ৭৬২টি প্রতিষ্ঠান এমপিওর যোগ্য বিবেচিত হয়। তবে অর্থের অভাবে সেগুলোকে এমপিও দিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়।

যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করতে এক হাজার ২৪৭ কোটি টাকা দরকার বলে এক চিঠিতে অর্থ মন্ত্রণালয়কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পুরনো খবর:

যোগ্য সব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে: শিক্ষামন্ত্রী
নতুন অর্থবছরে এমপিওভুক্ত হবে আরও শিক্ষা প্রতিষ্ঠান