২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধান কাটা শ্রমিকের সঙ্কট অর্থনৈতিক উন্নয়নের ‘ভালো লক্ষণ’: কৃষিমন্ত্রী

ধান কাটতে শ্রমিক না পাওয়া দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ‘ভালো লক্ষণ’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2019, 08:44 PM

Updated : 18 Aug 2022, 05:26 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের ধানের দাম কম। কিন্তু উৎপাদন খরচ বেশি।

উৎপাদন খরচ বেশির কারণ, শ্রমিক; শ্রমিক পাওয়া যায় না। তবে উন্নয়ন গতিসম্পন্ন অর্থনীতির জন্য এটি ভালো লক্ষণ।”

এবারের বোরো মৌসুমে ধানের ভাল ফলন হলেও কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে। ধান কাটার শ্রমিকের অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বিভিন্ন এলাকায় ধান ক্ষেতে কৃষকের আগুন লাগানোর ঘটনা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে।

ধান কাটার শ্রমিকের সঙ্কটের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্প্রতি কথা বলেছেন।

গত ১৪ জুন বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে সরকারপ্রধান বলেন, দেশে কর্মসংস্থান আছে বলেই ধান কাটার লোক পাওয়া যায় না। 

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ধানের দাম কমার কারণ ব্যাখ্যায় জাতীয় সংসদে জানান, অর্থনীতির চাহিদা ও যোগানের নীতির কারণে দাম কমে গেছে।

“তবে আমরা বসে নেই। যে নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দুর্ভিক্ষের দেশকে খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত করেছেন, সোনালী ফসল ফলানোর জন্য সেই নেত্রী অবশ্যই কৃষকের স্বার্থ দেখবেন, যাতে তাদের কৃষিকাজ করে লাভ হয়। ”

কৃষির উন্নয়নের সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজ্জাক জানান, “কৃষিকে  যান্ত্রিকরণ ও বাণিজ্যিকীকরণ করা হবে। কৃষকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য যা যা দরকার সবই করা হবে।যান্ত্রিকীকরণের জন্য প্রধানমন্ত্রী নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন।”

খাদ্যশস্যের বাম্পার ফলনের বিষয়ে তিনি বলেন, “এবার আমন উৎপাদন হয়েছে এক কোটি ৫৩ মেট্রিক টন। বোরোর হিসাব এখনও হয়নি। আমার মনে হয় এটি দুই কোটি ছাড়িয়ে যাবে। ভুট্টার উৎপাদন বেড়েছে।

বৃহস্পতিবার মাহবুবুল উল আলম হানিফ, মুজিবুল হক চুন্নু, জিন্নাতুল বাকিয়া, মমতা হেনা লাভলী, গ্লোরিয়া ঝর্ণা সরকার, আশরাফ আলী খান খসরু, মসিউর রহমান রাঙ্গাঁ, মামুনুর রশীদ কিরণ, আতিউর রহমান আতিক, রাবেয়া আলীম প্রমুখ বাজেট আলোচনায় অংশ নেন।

পুরনো খবর:

কর্মসংস্থান আছে বলেই ধান কাটার লোক মেলে না: প্রধানমন্ত্রী