ঈদে জঙ্গি হুমকি ছিল: প্রধানমন্ত্রী
এবার ঈদ জামাতের সময় জঙ্গি হামলার হুমকি ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক চেষ্টায় কোনো অঘটন ছাড়াই সব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে রোববার গণভবনে সংবাদ সম্মেলনে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফিনল্যান্ড সফরে প্রবাসীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, নানা হুমকির মধ্যেও এবারের ঈদ ভালোভাবে শেষ হয়েছে এবং সেজন্য তিনি শুকরিয়া করছেন।
সে প্রসঙ্গ টেনে একজন সাংবাদিক জানতে চান, ঠিক কী ধরনের হুমকি ঈদের সময় ছিল।
প্রধানমন্ত্রী বলেন, গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের জঙ্গি হামলার পর থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ও পুলিশ কড়া নজরদারি শুরু করে। কোথাও কোনো ধরনের তথ্য পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
“আপনারা জানেন যে নানা নামে নানাভাবে সোশাল মিডিয়ার মাধ্যমে নানা ধরনের থ্রেট কিন্তু দিতেই থাকে। সারাক্ষণ কিন্তু এগুলো আসছে। সবটা আমি বলে মানুষকে ভীত করতে চাই না। কিন্তু যতদূর পারি, এগুলোর পেছনে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে এবং তাদের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার, তা আমরা নিয়ে থাকি।”
এবার ঈদের আগেও তেমন হুমকি ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ঈদের জামাতের সময় আমি সত্যিই খুব চিন্তিত ছিলাম। কারণ এমন এমন ঘটনা ঘটে যাচ্ছে, তা যেন কোনোমতে না ঘটে।”
সরকারপ্রধান বলেন, তিনি দেশে বা দেশের বাইরে যেখানেই থাকুন না কেন, দেশে সংশ্লিষ্টদের সঙ্গে সব সময় তার যোগাযোগ থাকে। এবারও বিভিন্ন ঈদ জামাত সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে ‘মেসেজ’ চলে গেছে।
“আমাদর গোয়েন্দা সংস্থা, আমাদের পুলিশ বাহিনী, আমাদের র্যাব থেকে শুরু করে সকলেই খুব আন্তরিকতার সঙ্গে তারা কাজ করেছে। সেজন্য খুব সুষ্ঠুভাবে ঈদের জামাতগুলো সম্পন্ন হয়েছে।”
গুলশান হামলার এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতে জঙ্গিদের হামলাচেষ্টার ঘটনা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “একবার শোলাকিয়াতে একটা ঘটনা ঘটেছে, চেষ্টা হয়েছে। এবার কিন্তু কেউ কিছু করতে পারেনি।”
জঙ্গিবাদ দমনে জনগণের সচেতনতাকে বাংলাদেশের ‘সবচেয়ে বড় শক্তি’ হিসেবে বর্ণনা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “জনগণ কিন্তু যথেষ্ট সচেতন। আমরা জনগণকে সম্পৃক্ত করেই এ ধরনের হুমকি মোকাবিলা করতে চাই।
“সেজন্য জনগণের কাছে সব সময় আমার আবেদন থাকবে, তারা যেন এ বাপারে সজাগ থাকেন, সচেতন থাকেন। কারণ এসব ঘটনা আমাদের উন্নয়নের গতিধারাটা ব্যহত করবে।”
এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, “কোথাও কোনো তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব।”
সফর ‘ফলপ্রসূ’
সার্বিক বিবেচনায় জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাপান সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের পুরো সম্ভাবনা কাজে লাগানোর জন্য জাপানি ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাপানে এটাই ছিল শেখ হাসিনার প্রথম সফর। সফরের দ্বিতীয় দিন তিনি জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সেখানে জাপানের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর প্রধান নির্বাহী অথবা উচ্চ পর্যায়ের প্রতিনিধগণ অংশগ্রহণ করেন। বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যগণও এতে অংশ নেন।
শেখ হাসিনা বলেন, “আমি তাদের জানাই যে, আড়াইহাজারে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি আলাদা অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হচ্ছে। তারা চাইলে অন্যান্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বা চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে শিল্পকারখানা স্থাপন করতে পারেন।”
বাস্তচ্যুত রোহিঙ্গাদের সুরক্ষা দেওয়ার জন্য জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের ধন্যবাদ পেয়েছেন বলেও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ২০২২ সালে জাপান ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বৎসর পূর্তি উদযাপিত হবে। এ আয়োজনকে সামনে রেখে তিনি জাপানের সম্রাটকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে ওআইসি সম্মেলনের অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “বর্তমানে মুসলিম বিশ্বের বেশ কিছু দেশ শান্তি, নিরাপত্তা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বাইরের হস্তক্ষেপ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, ও মানবিক বিপর্যয়সহ নানারকম সমস্যার সম্মুখীন। এ পরিস্থিতি থেকে উত্তরণের এবং একই সঙ্গে আন্তর্জাতিক পরিমন্ডলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটির সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।”
রোহিঙ্গা সঙ্কট সমাধানে ওআইসির সাহায্য চাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “শীর্ষ সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা বিষয়ক মন্ত্রী পর্যায়ের এডহক বৈঠকে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার আদায় ও মিয়ানমার কর্তৃপক্ষকে উপযুক্ত জবাবদিহিতার আওতায় আনার জন্য গাম্বিয়া কর্তৃক আন্তর্জাতিক বিচার আদালতে ওআইসির পক্ষ থেকে মামলা দায়ের করার জন্য সম্মিলিত তাগিদ আসে। চতুর্দশ শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে এটির উল্লেখ করা হয়।”
ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “৪ঠা জুন বিকেলে ফিনল্যান্ডের রাষ্ট্রপতি সাওলি নিনিস্তোর সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক হয়। ফিনল্যান্ড আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্ব নিচ্ছে।
“আলোচনায় আমরা উভয় দেশ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলাসহ রোহিঙ্গা সমস্যার সমাধানে একযোগে কাজ করার অঙ্গীকার করি। আমি ফিনল্যান্ডের রাষ্ট্রপতিকে সেখানকার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানাই।”
