ভারপ্রাপ্ত সেনাপ্রধানের মায়ের কুলখানি শুক্রবার
ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হকের মা রাবেয়া খাতুনের কুলখানি হবে শুক্রবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার আসরের নামাজের পর সেনা কেন্দ্রীয় মসজিদে মিলাদ হবে। নারীদেরও তাতে অংশ নেওয়ার ব্যবস্থা থাকবে।
বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগে গত ১৫ এপ্রিল মারা যান রাবেয়া খাতুন। তার বয়স হয়েছিল ১০২ বছর।
পরদিন জোহরের নামাজের পর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় জামে মসজিদে তার জানাজা হয়। সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক সেদিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দীর্ঘ জীবনে আমার মা মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছেন। তিনি ছিলেন প্রাণবন্ত একজন মানুষ।
“তিনি সব সময় আমাদের শিখিয়েছেন, দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে হবে। মায়ের দেখানো পথই আমরা অনুসরণ করেছি। আপনারা দোয়া করবেন, যেন তার আত্মা শান্তি পায়।”
রাবেয়া খাতুন চার ছেলে, তিন মেয়ে এবং বহু আত্মীয়-পরিজন রেখে গেছেন।
