ভারপ্রাপ্ত সেনাপ্রধানের মাতৃবিয়োগ
ভারপ্রাপ্ত সেনাপ্রধানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হকের মা রাবেয়া খাতুন মারা গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাবেয়া খাতুন বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ১০২ বছর।
মঙ্গলবার জোহরের নামাজের পর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় জামে মসজিদে রাবেয়া খাতুনের জানাজা হয়। সামরিক-বেসামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন।
লেফটেন্যান্ট জেনারেল মো. সামছুল হক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দীর্ঘ জীবনে আমার মা মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা পেয়েছেন। তিনি ছিলেন প্রাণবন্ত একজন মানুষ।
“তিনি সব সময় আমাদের শিখিয়েছেন, দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে হবে। মায়ের দেখানো পথই আমরা অনুসরণ করেছি। আপনারা দোয়া করবেন, যেন তার আত্মা শান্তি পায়।”
রাবেয়া খাতুন চার ছেলে, তিন মেয়ে এবং বহু আত্মীয়-পরিজন রেখে গেছেন।
