হুমকি দিয়েছেন ওয়াহেদ ম্যানশনের মালিক, অভিযোগ রেস্তোরাঁ মালিকের
অগ্নিকাণ্ডের সময়কার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করায় আলোচিত ভবন ওয়াহিদ ম্যানশনের এক মালিকের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন চুড়িহাট্টার রাজমহল হোটেলের মালিক।
গত ২০ মার্চের ভয়াবহ অগ্নিকাণ্ডে এই রাজমহল হোটেলটিও ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ণ পুড়ে যাওয়া ওয়াহেদ ম্যানশনের লাগোয়া ভবনেই ছিল এই রেস্তোরাঁটি।
এই রাজমহল হোটেলের মালিক মো. আজম বাদী হয়ে সোমবার ওয়াহেদ ম্যানশনের অন্যতম মালিক মো. হাসানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনে চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এতে তিনি বলেছেন, “কেন আমার হোটেলের ভিডিও ফুটেছে দিয়েছি, তাই দেখে নেওয়ার হুমকি দেন ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসান।”
অভিযোগের বিষয়ে হাসানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চকবাজার থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ পাওয়ার পর তা তদন্ত করা হচ্ছে।”
এই অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক মানুষের প্রাণহানির পর কীভাবে আগুন লাগল, তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা।
প্রথমে বলা হচ্ছিল, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলসহ বিভিন্ন স্থানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর তা ভয়াবহতা পায়।
অগ্নিকাণ্ডের আগে এমনই ছিল চকবাজারের চুড়িহাট্টা মোড়। হাজী আব্দুল ওয়াহেদের ছবি সম্বলিত চার তলার ভবনটির পাশেই রাজমহল হোটেল। গুগল স্ট্রিটভিউ।
কিন্তু রাজমহল হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখার পর তদন্তকারীরা মোটামুটি নিশ্চিত হয়, আগুন ওয়াহেদ ম্যানশনের দোতলা থেকেই লেগেছিল, যেখানে ছিল দাহ্য পদার্থের গুদাম। আর হোটেলের গ্যাস সিলিন্ডারগুলো অক্ষতই পাওয়া গেছে।
রাজমহল হোটেলের সিসি ক্যামেরায় ধারণ করা এই ভিডিওতে দেখা যায়, আগুনের ধাক্কার সঙ্গে এসে পড়েছে ওয়াহেদ ম্যানশনের গুদামে থাকা বিভিন্ন প্রসাধনীর ক্যান
এই অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসান ও সোহেল ওরফে শরীফসহ ১৪ জনের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে।
প্রয়াত হাজি আব্দুল ওয়াহেদের দুই ছেলে হাসান ও সোহেল হাই কোর্ট থেকে জামিনও নিয়েছেন সেই মামলায়।
